জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে দলটি। একই সঙ্গে তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এটি নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছে এনসিপি।
এতে বলা হয়, তানভীরের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ এবং সামাজিক মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণœ হয়Ñ এমন মন্তব্য করার অভিযোগ উঠেছে। অভিযোগের গুরুত্ব বিবেচনায় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে তাকে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
এছাড়া কেন সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি অনুযায়ী পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা নোটিস পাওয়ার দুই কার্যদিবসের মধ্যে তানভীরকে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে লিখিত দিতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এর আগে গত বছরের ২১ এপ্রিল গাজী সালাউদ্দিন তানভীরকে অব্যাহতি দেওয়া হয়। ওই সময় অভিযোগ উঠেছিল, গাজী সালাউদ্দিন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ করেছেন এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যে জড়িয়েছেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় গত ১৬ এপ্রিল পুনরায় তাকে সাংগঠনিক দায়িত্বে ফিরিয়ে আনে এনসিপি।
