গ্যাসের দাম বাড়ানো হলে পেট্রোবাংলা ঘেরাও : নাহিদ

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০৭:৪৬ এএম

সরকার গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা (বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন) ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করে বলেছেন, বর্তমান সরকার মাত্র পাঁচ মাসে দফায় দফায় জ্বালানির দাম বাড়িয়েছে। গ্যাস না থাকলেও প্রতি মাসে বিল দিতে হচ্ছে। গতকাল শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হবিগঞ্জে সংঘর্ষে চোখ হারানো আলিফ চৌধুরীকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার জন্য বিএনপিকে দায়ী করে নাহিদ ইসলাম বলেন, ‘হামলাকারীর বিরুদ্ধে কোনো সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। সরকার বার্তা দিল, ছাত্রদল যুবদল চাইলে যে কাউকে মারতে পারে তার কোনো প্রতিবাদ হয় না। এলাকায় গেলে সরকারি দলের এমপিদের আসল চরিত্র বোঝা যায়।’ তিনি বলেন, ‘সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদারিত্বে চারদিকে ছেয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দল ও দেশ চালাতে ব্যর্থ হয়েছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত