পাবনার ঈশ্বরদীতে এক মুদি দোকানে চুরির সময় চোরকে হাতেনাতে ধরতে গিয়ে চোরের ছুরিকাঘাতে তিনজন গুরুতর আহত হয়েছেন। সে সময় বিক্ষুদ্ধ এলাকাবাসীর গণপিটুনিতে সুমন হোসেন (৩৫) নামের চোর নিহত হয়েছে।
রবিবার (২ আগস্ট) গভীর রাতে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের ঠান্ডাতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমন সাহাপুর ইউনিয়নের মহাদেবপুর আজিজলতলা গ্রামের মৃত বয়েন মন্ডলের ছেলে। আহতরা হলেন ওই এলাকার মুদি ব্যবসায়ী হবিবুল ইসলাম, তার ছেলে শাকিল ও শাহান।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, ঘটনার সময় গভীর রাতে মুদি ব্যবসায়ী হবিবুল ইসলামের বাড়ি সংলগ্ন মুদি দোকেনে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন সুমন। বসতবাড়ির সাথেই দোকান হওয়ায় শব্দ পেয়ে হবিবুল বাইরে বের হন। সে সময় দোকানের ভেতর কারো উপস্থিতি টের পেয়ে ২ ছেলেকে সাথে নিয়ে তাকে আটকানোর চেষ্টা করেন।
অবস্থার বেগতিক দেখে সুমন (চোর) তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে হবিবুল ইসলাম ও তার দুই ছেলেকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। সে সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে এসে চোর সুমনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আহতরা ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে সোমবার সকালে খবর পেয়েই অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমার ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশাদুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। এখন পর্যন্ত কোন পক্ষ থেকেই লিখিত অভিযোগ পাই নি। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
