রদ্রির জন্য বার্সার ৬৪৩ কোটির প্রস্তাব নাকচ ম্যান সিটির 

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০৯:৪৪ পিএম

স্প্যানিশ তারকা মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়াতে বার্সেলোনার দেওয়া ৩ কোটি ৮৫ লাখ পাউন্ডের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৪২ কোটি ৯৫ লাখ টাকা) প্রাথমিক প্রস্তাব নাকচ করে দিয়েছে ম্যানচেস্টার সিটি। বিভিন্ন গণমাধ্যমের সূত্রমতে, সিটি রদ্রিকে ছাড়তে রাজি আছে, তবে এতে গুণতে হবে ৬ কোটি পাউন্ড বা ১ হাজার কোটি টাকারও বেশি।

বিবিসি স্পোর্টস ও স্প্যানিশ রেডিও নেটওয়ার্ক কাদেনা এসইআর-এর তথ্য অনুযায়ী, চুক্তি শেষের পথে থাকা এই তারকার পরবর্তী গন্তব্য হিসেবে রিয়াল মাদ্রিদের নাম জোরালোভাবে শোনা গেলেও, শেষ মুহূর্তে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এই লড়াইয়ে সব আলো কেড়ে নেয়। বৃহস্পতিবার বিবিসি স্পোর্টসকে একাধিক সূত্র জানায়, সিটির সাথে আলোচনা শুরু করার জন্য খোদ রদ্রির অনুমোদন পেয়েছিল বার্সা। এরপর আজ (শুক্রবার) আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব পেশ করে কাতালান ক্লাবটি।

বার্সার পক্ষ থেকে প্রথমে কোনো চুক্তি নিশ্চিত নয় বলে জানানো হলেও, দ্রুতই পরিস্থিতি বদলে যায় এবং ক্লাবটি শুক্রবার নিশ্চিত করে যে তারা রদ্রির প্রতিনিধিদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে।

সদ্য সমাপ্ত বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে টুর্নামেন্টসেরা হওয়া রদ্রি বর্তমানে পিঠের অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন। আগামী সপ্তাহের শুরুতে তার ম্যান সিটিতে ফেরার কথা রয়েছে।

এদিকে রদ্রির ভবিষ্যৎ নিয়ে জলঘোলা পরিস্থিতি দ্রুত সমাধান করতে চায় ইংলিশ ক্লাবটি। বিকল্প হিসেবে ফরাসি ক্লাব লিলে থেকে ১৮ বছর বয়সী মরক্কোর মিডফিল্ডার আইয়ুব বুআদ্দিকে দলে ভেড়ানোর আলোচনা চললেও, লিলের ৮ কোটি ৬০ লাখ পাউন্ডের আকাশচুম্বী দাম কিছুটা জটিলতা তৈরি করেছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত