নিজের পেশা নিয়ে অপপ্রচারের জবাব দিলেন তাসনিম জারা

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৯:৩১ পিএম

নিজের পেশা নিয়ে আওয়ামী লীগের কর্মীদের একাংশের অপপ্রচারের জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও চিকিৎসক ডা. তাসনিম জারা।

শনিবার (৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, বেশ কিছুদিন ধরে কিছু আওয়ামী লীগ কর্মী তাঁকে ‘সেক্স ডাক্তার’ ও ‘যৌন ডাক্তার’ বলে প্রচার করছেন। তাঁকে হেয় ও লজ্জিত করাই এর উদ্দেশ্য বলে মনে করেন তিনি।

তাসনিম জারা লেখেন, ওই প্রচার মিথ্যা। তিনি মেডিসিনের চিকিৎসক। তবে এতদিন তিনি এর কোনো জবাব দেননি। এর দুটি কারণ উল্লেখ করেন তিনি।

প্রথমত, যৌনস্বাস্থ্য নিয়ে কাজ করা চিকিৎসকদের পেশাকে হেয় করার সুযোগ তৈরি হোক, তা তিনি চাননি। তাঁর মতে, যৌনস্বাস্থ্য মানুষের গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ নিয়ে নানা সমস্যায় থাকা মানুষের পাশে চিকিৎসকেরা সহায়তা করেন।

দ্বিতীয়ত, যৌন সমস্যা নিয়ে মানুষের মধ্যে থাকা সংকোচের বিষয়টি তুলে ধরেন তিনি। তাঁর ভাষ্য, লজ্জা বা সংকোচের কারণে অনেকে চিকিৎসকের কাছে যান না। এতে তাঁরা ভুল চিকিৎসা বা ওষুধের শিকার হতে পারেন এবং দীর্ঘদিন সমস্যায় ভুগতে পারেন।

তাসনিম জারা আরও লেখেন, সম্প্রতি একজন শুভাকাঙ্ক্ষী তাঁকে একটি স্ক্রিনশট পাঠান। সেখানে দেখা যায়, তাঁর নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ১৬০টি বিজ্ঞাপন চালানো হচ্ছে। তাঁর দাবি, এসব বিজ্ঞাপনে তাঁর ছবির সঙ্গে অশ্লীল বক্তব্য জুড়ে দিয়ে পরে সেগুলোর স্ক্রিনশট ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি লেখেন, তাঁর নাম-ছবি ব্যবহার করে একদল প্রতারক ওষুধ, স্লিমিং পণ্য ও বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা বিক্রির চেষ্টা করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি কোনো ওষুধ, স্লিমিং পণ্য, চিকিৎসা বা ট্রিটমেন্ট বিক্রি করেন না বলেও স্পষ্ট করেন।

তাসনিম জারা জানান, গর্ভবতী মায়েদের জন্য তাঁদের তৈরি ‘Shohay Pregnancy’ নামে একটি অ্যাপ রয়েছে। সেখানে কোনো পণ্য বিক্রি করা হয় না। অধিকাংশ ব্যবহারকারী বিনা মূল্যে অ্যাপটি ব্যবহার করেন; কেউ কেউ প্রিমিয়াম সংস্করণ কিনে থাকেন।

তাঁর নাম বা ছবি ব্যবহার করে কোনো ওষুধ, চিকিৎসা বা পণ্য বিক্রি করতে দেখলে তা প্রতারণা হিসেবে ধরে নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি এসব পণ্য না কেনার এবং অন্যদেরও সতর্ক করার অনুরোধ করেন।

পোস্টের শেষে যৌনস্বাস্থ্য নিয়ে কাজ করা চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাসনিম জারা লেখেন, যৌনস্বাস্থ্যসংক্রান্ত কোনো সমস্যা হলে সংকোচ না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত