বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সব ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীর মানুষের ঐক্যের মধ্য দিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক (ইনক্লুসিভ) ও ‘রেইনবো নেশন’ গড়ার কাজ শুরু হয়েছে। এর মূল ভাবনা ‘সবার আগে বাংলাদেশ’।
আজ রবিবার (৯ আগস্ট) সকালে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (টিডব্লিউএ) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, গারো, হাজং, কোচ, বানাইসহ বিভিন্ন জাতিগোষ্ঠী বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। দেশের বৈচিত্র্যই বাংলাদেশের শক্তি।
তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এমন একটি বাংলাদেশ গড়ার লক্ষ্য রয়েছে, যেখানে ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠী নির্বিশেষে সবাই সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করবে। ধর্ম, বর্ণ, ভাষা ও সংস্কৃতির ক্ষেত্রে রাষ্ট্র হবে সবার।
তিনি আরও বলেন, কোনো বৈষম্য, অবহেলা বা বঞ্চনা চলতে দেওয়া হবে না। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও গারো পাহাড়সংলগ্ন এলাকায় বসবাসকারী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রসঙ্গ তুলে এমরান সালেহ বলেন, তাদের উন্নয়ন শুধু অবকাঠামোগত উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য সংরক্ষণকেও উন্নয়নের অংশ হিসেবে বিবেচনা করতে হবে। উন্নয়নের সুফল তখনই অর্থবহ হবে, যখন প্রান্তিক জনগোষ্ঠীও এর অংশীদার হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ধর্মীয় গুরুদের আর্থিক প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষও সুবিধা পাবেন। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে প্রতি মন্ত্রীর মর্যাদায় বিশেষ সহকারী নিয়োগ এবং এ খাতে তহবিল দ্বিগুণ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।
টিডব্লিউএর ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে এমরান সালেহ বলেন, বিএনপি ঐক্যে শক্তি ও অনৈক্যে বিভক্তিতে বিশ্বাস করে। ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষকে রাজনীতির খেলায় দাবার গুটি হিসেবে ব্যবহার করবে না।
টিডব্লিউএর চেয়ারম্যান সুভাষ চন্দ্র বর্মণের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম এ হান্নান খান, টিডব্লিউএর মহাসচিব বিপুল হাজং, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম, সুব্রত রেমা ও শুভ্রা পান্ত্রাসহ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতারা।
