স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধীদল আগের মতো ভূমিকা পালন করে শেখ হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে। তারা গণতন্ত্রের গলা টিপে ধরার চেষ্টা করছে। একই সঙ্গে দ্রুত গ্যাস সংকটের সমাধান করা হবে বলেও জানিয়েছেন তিনি।
আজ রবিবার (৯ আগস্ট) রংপুর শিল্পকলা একাডেমিতে সুবিধাবঞ্চিতদের সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
মির্জা ফখরুল বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে ৪ হাজার ছাত্র, নারী ও শিশুকে হত্যা করা হয়েছে। গত ১৭ বছরে লাখ লাখ মামলা, গুম ও হাজার হাজার হত্যার ঘটনা ঘটেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে বাংলাদেশের প্রায় ৪ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। এসব সংকট কাটিয়ে উঠতে সময় লাগবে।
গ্যাস সংকট প্রসঙ্গে তিনি বলেন, সব সংকট মোকাবিলা করে দ্রুত এ সমস্যার সমাধান করা হবে। তাঁর অভিযোগ, বিগত ফ্যাসিস্ট সরকার দেশের একমাত্র গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠানটিকেও ধ্বংস করে গেছে।
বিরোধীদলের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, তারা শেখ হাসিনার ভাষায় কথা বলছে এবং সব সংকটের তাৎক্ষণিক সমাধান চাচ্ছে। তবে সংকট সমাধানে সরকারকে সময় দিতে হবে।
তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছিল। গুম, খুন ও নির্যাতনের রেকর্ডও করেছিল। এখন দেশের মানুষ শান্তির নিঃশ্বাস ফেলছে।
উত্তরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পাঞ্চলে রূপ দিতে চান। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।
মির্জা ফখরুল বলেন, পণ্যের দাম কিছুটা বেড়েছে। আমদানির ক্ষেত্রে বিভিন্ন পরিস্থিতির কারণে এমনটি হয়। আওয়ামী লীগ সরকারের সময় সাংবাদিকেরা স্বাধীনভাবে কথা বলতে ও লিখতে পারতেন না। এখন সাংবাদিকেরা স্বাধীনভাবে লিখতে পারছেন।
তিনি আরও বলেন, বিরোধীদল যে ভাষায় কথা বলছে, তা গণতন্ত্রের ভাষা নয়। সরকার উন্নয়নকাজ শুরু করেছে এবং দেশকে এগিয়ে নিতে কাজ করছে। ফ্যাসিস্ট সরকারকে সরানোর আন্দোলনে বিদেশে থাকা বাংলাদেশিরাও অংশ নিয়েছিলেন।
অনুষ্ঠানে লাভ শেয়ার বিডির নিজস্ব অর্থায়নে ‘সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বীকরণ প্রকল্প’ উদ্বোধন করা হয়। এ সময় ২৫ জন সুবিধাবঞ্চিত ব্যক্তির মধ্যে ২৫টি ঘর হস্তান্তর করা হয়।
লাভ শেয়ার বিডির চেয়ারম্যান জাহিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শামসুজ্জামান সামু, সংরক্ষিত মহিলা আসনের এমপি রেজেকা সুলতানা ফেন্সি, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম এবং রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
