শঙ্কামুক্ত হয়েই লম্বা পোস্ট মেঘলার মুক্তার

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৪:৪৫ পিএম

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ৯–১০ ঘণ্টার জটিল অস্ত্রোপচার শেষে অবশেষে বিপদমুক্ত ঢালিউডের উদীয়মান অভিনেত্রী মেঘলা মুক্তা। তবে দুর্ঘটনায় চেহারার মারাত্মক ক্ষতি হওয়ায় শারীরিক কষ্টের পাশাপাশি মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি।

 সুস্থ হয়ে ওঠার সুবিধার্থে আপাতত কিছুদিনের জন্য নিজেকে জনসম্মুখ থেকে আড়ালে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সোমবার (১০ আগস্ট) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আবেগঘন এক দীর্ঘ বার্তায় নিজের বর্তমান শারীরিক অবস্থা, দুর্ঘটনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন মেঘলা মুক্তা। 

সেই পোস্টে মেঘলা মুক্তা লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আপনাদের সবার দোয়া, ভালোবাসা আর প্রার্থনায় আজ আমি অনেকটাই বিপদমুক্ত। দূর-দূরান্ত থেকে যারা কাজ ফেলে আমাকে দেখতে হাসপাতালে ছুটে এসেছেন, যারা আসতে পারেননি কিন্তু দূর থেকে আমার জন্য দোয়া করেছেন আপনাদের প্রত্যেকের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এমনও শুনেছি, আমার প্রায় ৯–১০ ঘণ্টার অপারেশন চলাকালীন অনেকেই ওটির বাইরে দাঁড়িয়ে ছিলেন, আমার জন্য প্রার্থনা করেছেন। এই ভালোবাসা কোনোদিনও শোধ করার মতো নয়।’ 

জীবন বাঁচলেও দুর্ঘটনার অভিঘাত যে কত বড় তা স্পষ্ট অভিনেত্রীর চেহারার ক্ষতচিহ্নে। নিজের মুখের ক্ষতি এবং বর্তমান মানসিক অবস্থা তুলে ধরে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমি বিপদমুক্ত। তবে শরীরে এবং বিশেষ করে আমার মুখে কিছু ক্ষত ও দাগ রয়ে গেছে, যেগুলো সারতে হয়তো অনেকটা সময় লাগবে। দুর্ঘটনার আঘাতটা আমার পুরো মুখের ওপর দিয়েই গেছে। অনেক সেলাইয়ের দাগ, অনেক ক্ষত এখনো স্পষ্ট।’ 

তিনি আরও বলেন, ‘সবচেয়ে কঠিন সময়টা হয়তো এখনই নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে প্রতিদিন নতুন করে দেখতে হচ্ছে, আর ভাবতে হচ্ছে, এই পরিবর্তনটাকে আমি কীভাবে গ্রহণ করব, কীভাবে এখান থেকে নিজেকে আবার আগের মতো করে গড়ে তুলব। বিশ্বাস করি, ইনশাআল্লাহ আমি পারব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত