কোটিপতি সূর্যবংশী: ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের সঙ্গে চুক্তি 

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০২:১৪ পিএম

কৈশোরের চৌকাঠ পেরোনোর আগেই বিশ্ব ক্রিকেটে রূপকথা লিখতে শুরু করেছেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সে ভারতীয় দলের জার্সিতে মাঠে নেমে শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটারের নজির গড়েন এই বিস্ময় বালক। মাঠে তার এই ব্যাটিং ঝড় যেমন ক্রিকেটপ্রেমীদের তাক লাগিয়ে দিয়েছে, তেমনি মাঠের বাইরেও তার বাণিজ্যিক কদর এখন আকাশচুম্বী।

আইপিএল ও বিভিন্ন বড় ব্র্যান্ডের সঙ্গে চুক্তির সুবাদে এই বয়সেই কোটি টাকার সাম্রাজ্য গড়ে ফেলেছেন এই বাঁহাতি কিশোর সেনসেশন।

আইপিএল ২০২৬ আসরে রাজস্থান রয়্যালসের হয়ে খেলার পর থেকেই সূর্যবংশীকে ঘিরে ব্র্যান্ডগুলোর আগ্রহ তুঙ্গে উঠেছে। ভারতীয় গণমাধ্যমগুলোর সূত্র বলছে, বর্তমানে তার ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট ফি চুক্তিপ্রতি এক কোটি রুপি ছাড়িয়ে গেছে। আইপিএলের বেতন, ম্যাচ ফি, ঘরোয়া ক্রিকেট এবং ক্রমবর্ধমান বিজ্ঞাপনের চুক্তি মিলিয়ে এই কিশোরের বর্তমান মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৭ থেকে ১০ কোটি ভারতীয় রুপি।

বয়স এখনও কৈশোরের গণ্ডি না পেরোনোয় সূর্যবংশী অতিরিক্ত বাণিজ্যিক চাপ থেকে দূরে রাখতে সতর্ক তার পরিবার। তবে তার পরও থেমে নেই বাণিজ্যিক চাকা। ইতিমধ্যে পাঁচটি বড় ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছেন এই উদীয়মান তারকা।

শচীনের এমআরএফ ব্যাট স্পন্সরশিপের মতো বড় কোনো করপোরেট চুক্তিতে না গেলেও, এসএস (সারিন স্পোর্টস)-এর সঙ্গে তার বছরে প্রায় ৫০ লাখ টাকার সরঞ্জাম চুক্তি রয়েছে। এমনকি ব্র্যান্ডটি বাজারে বিশেষ ‘বৈভব সূর্যবংশী সংস্করণ’ ব্যাটও এনেছে। পাশাপাশি, কমপ্ল্যানের ‘থোড়া প্ল্যান, থোড়া কমপ্ল্যান’ ক্যাম্পেইনের মুখ হয়েছেন সূর্যবংশী। সঠিক পুষ্টি ও নিষ্ঠার ওপর তৈরি এই বিজ্ঞাপনটি একজন কিশোর ক্রীড়াবিদ হিসেবে তার রিয়েল-লাইফ রুটিনের সঙ্গে একদম মিলে যায়।

এর বাইরেও ডিজিটাল লেনদেন প্রতিষ্ঠান গুগল পের তারুণ্যকেন্দ্রিক প্রচারণায় অংশ নিয়ে টিনএজারদের জন্য নিরাপদ অর্থ ব্যবস্থাপনা ও ইউপিআই ব্যবহারের বার্তা দিয়েছেন তিনি। এছাড়া আইপিএল চলাকালীন সতীর্থ ধ্রুব জুরেলের সঙ্গে একটি বিশেষ চ্যালেঞ্জে রেড বুলের হয়ে মাঠে দেখা গেছে তাকে।

এদিকে তরুণ প্রজন্মকে ফিট ও স্বাস্থ্যসচেতন করে তুলতে গত বছরের মে মাসে বৈভবকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করে ঝাড়খণ্ড সরকারও। শুরুতেই বিশ্ব ক্রিকেটের আলো কেড়ে নেওয়া এই কিশোরের ক্রিকেট ক্যারিয়ার ঠিক কোন উচ্চতায় পৌঁছাবে, তা সময়ই বলে দেবে। তবে মাঠের পারফরম্যান্স আর মাঠের বাইরের জনপ্রিয়তায় যে তিনি ইতোমধ্যে নজির গড়তে শুরু করেছেন, তাতে কোনো সন্দেহ নেই।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত