বাংলাদেশের বদলে বিশ্বকাপ খেলা স্কটল্যান্ড এবার আইসিসির বিপক্ষে

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০১:৪৯ পিএম

চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে সুযোগ পাওয়া স্কটল্যান্ড এবার ক্রিকেটের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা আইসিসির বিরুদ্ধে একাট্টা হয়েছে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাটে হঠাৎ আনা পরিবর্তন এবং সহযোগী দেশগুলোর প্রতি আইসিসির ‘অসম্মানজনক’ আচরণের প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছে স্কটল্যান্ডের পাশাপাশি নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ডও।

বিশ্বকাপের মূল আসরের আগে এমন বিতর্কিত সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটের সার্বিক বিকাশ ও সুশাসনের ওপর বড় প্রশ্নচিহ্ন তুলেছে বলে মনে করছে বোর্ড দুটি।

গত মাসে হঠাৎ করেই ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের কাঠামোয় বড় ধরনের রদবদল আনে আইসিসি। নতুন নিয়ম অনুযায়ী, বাছাইকৃত ১২, ১৩ ও ১৪ নম্বর দলগুলোকে নিয়ে একটি ‘সুপার সিরিজ’ বা ত্রিদেশীয় পর্বের আয়োজন করা হবে, যেখান থেকে কেবল একটি দল বিশ্বকাপের দ্বিতীয় পর্বে (১২ দলের দুই গ্রুপ) খেলার সুযোগ পাবে। টুর্নামেন্ট শুরুর মাত্র ১৮ মাস আগে এমন নাটকীয় পরিবর্তন আসায় চরম বিপাকে পড়েছে সহযোগী সদস্য দেশগুলো।

ফরম্যাট বদলের এই ঘোষণার পর আইসিসির কাছে লিখিত ব্যাখ্যা ও স্বচ্ছ প্রক্রিয়া দাবি করে দুটি বৈঠক করেছিল স্কটল্যান্ড, নেদারল্যান্ডস ও অন্যান্য সহযোগী বোর্ড। কিন্তু দ্বিতীয় বৈঠকের পর দুই সপ্তাহের বেশি সময় পার হয়ে গেলেও আইসিসির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক জবাব মেলেনি। বিষয়টিকে অত্যন্ত ‘হতাশাজনক ও অসম্মানজনক’ বলে অভিহিত করেছে স্কটল্যান্ড ক্রিকেট ও রয়্যাল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএনসিবি)।

আইসিসির এই একরোখা সিদ্ধান্ত ও উদাসীনতার তীব্র সমালোচনা করে সোমবার যৌথ বিবৃতিতে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড স্পষ্টভাবে জানিয়েছে, ‘এই পরিবর্তনগুলো সহযোগী সদস্য দেশের ক্রিকেটের জন্য একটি বড় ধাক্কা এবং সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বব্যাপী খেলাটির প্রসারে অর্জিত অগ্রগতিকে হুমকির মুখে ফেলছে। যখন ক্রিকেট তার পরিধি প্রসারিত করতে এবং আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে অবস্থান শক্ত করতে চাইছে, তখন উদীয়মান দেশগুলোর জন্য সুযোগ কমিয়ে দেওয়া সম্পূর্ণ ভুল বার্তা দেয়।’ 

আইসিসির সঙ্গে বৈঠকের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বোর্ড দুটি বিবৃতিতে আরও জানায়, ‘পরিবর্তনের আনুষ্ঠানিক লিখিত যোগাযোগ এবং প্রক্রিয়াগুলো সম্পর্কে বৃহত্তর স্বচ্ছতা চেয়ে আমরা আইসিসির সঙ্গে দুটি মিটিং করেছি। কিন্তু দ্বিতীয় বৈঠকের পর দুই সপ্তাহের বেশি সময় পার হয়ে গেলেও আইসিসির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, যা উত্থাপিত বিষয়গুলোর গুরুত্ব বিবেচনায় অত্যন্ত হতাশাজনক ও অসম্মানজনক।’ 

নতুন নিয়ম অনুযায়ী, আগামী বছরের ফেব্রুয়ারিতে ১০ দলের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে, যার ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়াও আগামী ৩০ সেপ্টেম্বরের ‘কাটঅফ’ তারিখের মধ্যে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের অন্য শীর্ষ ৮ দল সরাসরি বিশ্বকাপে খেলবে। সেই আট দল ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গেছে। বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, বাংলাদেশ ও আফগানিস্তান। তবে বিশ্বকাপের আরেক স্বাগতিক নামিবিয়া আইসিসির পূর্ণ সদস্য না হওয়ায় তাদেরকেও আসতে হবে বাছাই প্রক্রিয়ার মাধ্যমেই।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত