গণঅভ্যুত্থানে নারীদের যে গতিশীল ভূমিকা, তা এখনো শেষ হয়নি: নুরুন্নিসা সিদ্দিকা

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৮:৩৯ পিএম

২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থান থেকে নারীদের যে গতিশীল ভূমিকা শুরু হয়েছে, তা এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুরুন্নিসা সিদ্দিকা।

বুধবার (১২ আগস্ট) দুপুরে রাজধানীর বারিধারায় জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের উদ্যোগে আয়োজিত 'অদম্য জুলাই' স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের সেক্রেটারি সুফিয়া জামালের সভাপতিত্বে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে অদম্য জুলাইয়ে মোড়ক উন্মোচন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে নুরুন্নিসা সিদ্দিকা বলেন, 'প্রতিটি ক্ষেত্রেই আওয়ামী লীগকে অনুসরণ করছে বিএনপি, যা তাদের নিজেদের পতনকেই ত্বরান্বিত করছে।'

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট সাবিকুন্নাহার মুন্নি এমপি, মারজিয়া বেগম এমপি, নাজমুন নাহার নীলু এমপি, এনসিপির ডা. মাহমুদা মিতু এমপি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান, ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীন, ডাকসু নেত্রী সাবিকুন্নাহার তামান্না এবং ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর নাঈমা মোয়াজ্জেম।

ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি সুফিয়া জামাল তার উদ্বোধনী বক্তব্যে বলেন, জুলাইয়ে সঠিক ইতিহাস সংরক্ষণে এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরতে 'অদম‍্য জুলাই' প্রকাশ করা হয়েছে। তিনি পরবর্তীতে জুলাই কেন্দ্রিক আরো কাজ অব্যাহত থাকবে বলে জানান।

তিনি আরো বলেন, ১৬ বছরের দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের এটিই প্রথম স্মারক প্রকাশনা। ইতিহাস বিকৃতি রোধ এবং আন্দোলনের স্মৃতি সংরক্ষণকে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি তার বক্তব্যে স্মারক প্রকাশের পটভূমি উপস্থাপন করেন।

এডভোকেট সাবিকুন্নাহার মুন্নি এমপি জুলাই সনদের অপরিহার্যতা তুলে ধরে বলেন, 'জুলাই সনদের বাস্তবায়ন বিলম্বিত করার কোনো সুযোগ নেই। মূল স্পিরিট প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জনগণের অধিকার অপূর্ণই থেকে যাবে।'

অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী আন্দোলনের ওপর নির্মিত বিশেষ ডকুমেন্টারি প্রদর্শিত হয় এবং সম্পাদকীয় পরিষদের পরিচিতি তুলে ধরেন আকলিমা ফেরদৌসী।

এছাড়াও শিশুদের ওপর সংঘটিত গণহত্যার ওপর তৈরি বিশেষ ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত