১০০ টাকার প্রলোভনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৬:১৮ পিএম

সিরাজগঞ্জের বেলকুচিতে ১০০ টাকার লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তির নাম বাতেন (৫২)।

​বুধবার সকালে উপজেলার ক্ষিদ্রমাটিয়া দক্ষিণপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত বাতেন পলাতক রয়েছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। বুধবার সকালে সে বাড়ির পাশে একটি দোকানে কিছু কিনতে যায়। কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে অভিযুক্ত বাতেন তাকে ১০০ টাকার লোভ দেখিয়ে পাশের একটি ঘাসক্ষেতে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে।

​পরবর্তীতে শিশুটির ডাকচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত বাতেন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

​এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে বুধবার বিকেলে বেলকুচি থানায় একটি মামলা দায়ের করেছেন।

​মামলার বিষয়টি নিশ্চিত করে বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) জহুরুল ইসলাম জানান, ​‘ঘটনার পর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, যা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত বাতেন আত্মগোপনে রয়েছে। তাকে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।’

​এদিকে, কোমলমতি শিশুর ওপর এমন নৃশংস ঘটনায় ক্ষিদ্রমাটিয়া দক্ষিণপাড়া এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত বাতেনকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত