কুমিল্লায় দুই দিনব্যাপী চলচ্চিত্র উৎসব, দেখা যাবে ৬ সিনেমা

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৬:৪৬ পিএম

কুমিল্লায় দুই দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে ঢাকা ফিল্ম ক্লাব। ‘১ম কুমিল্লা চলচ্চিত্র উৎসব ২০২৬’ শিরোনামের প্রদর্শনীটি ২৮ ও ২৯ আগস্ট কুমিল্লা কে-স্ক্রিন সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হবে। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত তিনটি করে মোট ছয়টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিনের প্রদর্শনীর টিকিট সাধারণ দর্শকদের জন্য ১০০ টাকা করা হয়েছে। এক টিকিটে প্রতিদিন প্রদর্শিত তিনটি চলচ্চিত্রই দেখা যাবে। টিকিট অনলাইন ও ভেন্যু—উভয় জায়গা থেকেই সংগ্রহ করা যাবে। 

উৎসবের প্রথম দিন (২৮ আগস্ট) বেলা ৩টায় আকাশ হক পরিচালিত 'ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল' প্রদর্শনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। সন্ধ্যা ৬ টায় দেখানো হবে জীবন শাহাদাৎ পরিচালিত  ‘নেমপ্লেট’। এরপর সন্ধ্যা ৭ টায় প্রদর্শিত হবে এস এ হক অলিক পরিচালিত 'গলুই'। 

দ্বিতীয় দিন ২৯ আগস্ট বেলা ৩টায় প্রদর্শিত হবে বন্ধন বিশ্বাস পরিচালিত ‘লাল শাড়ি’। বিকেল সাড়ে ৬টায় দেখানো হবে সুপিন বর্মন পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এ লেটার অব পোস্টমাষ্টার’। উৎসবের শেষ প্রদর্শনী হিসেবে সন্ধ্যা সাড়ে ৭টায় দেখানো হবে খন্দকার সুমন পরিচালিত ‘সাতাও’। কে-স্ক্রিন সিনেপ্লেক্স নিবেদিত ঢাকা ফিল্ম ক্লাব আয়োজিত এ উৎসবের সহযোগী সংগঠন হিসেবে রয়েছে কুমিল্লা ফিল্ম ক্লাব, কক্সবাজার ফিল্ম ক্লাব ও বেঙ্গল ফিল্ম সোসাইটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত