হাতিয়ায় ৭৬০ বস্তা সারসহ ৫ পাচারকারী আটক

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৯:১৩ পিএম

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারকালে ৭৬০ বস্তা সার জব্দ করেছে কোস্টগার্ড। এসময় একটি ট্রলারসহ (ইঞ্জিন চালিত নৌকা) ৫  পাচারকারীকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন হাতিয়া কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন।

আটকরা হলেন- হাতিয়ার হরণি ইউনিয়নের হাতিয়া বাজার এলাকার মোহাম্মদ কাজীর ছেলে আব্দুল ওহাব (১৯), আলমগীরের ছেলে হানিফ (২৬), আবুল খায়েরের ছেলে মোর্শেদ (২৭), চৌরঙ্গী আল আমিন সমাজের বেলাল হোসেনের ছেলে পারভেজ উদ্দিন (২৬) ও গাজীপুর জেলার কালিয়াকৈরের খাজা মার্কেট এলাকার লোকমানের ছেলে পলাশ (১৮)।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১২ আগস্ট) গভীর রাতে হাতিয়ার বাংলা বাজার খেয়াঘাট এলাকার মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এসময় একটি ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটির গতিরোধ করা হয়। পরে সেখানে তল্লাশি চালিয়ে বিএডিসির সিল দেওয়া ৭৬০ বস্তা সার জব্দ করা হয়। জব্দকৃত সারের বাজার মূল্য হবে ৮ লাখ টাকা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা আলম সুজন জানান, আটকদের বিরুদ্ধে পণ্য পাচারের ঘটনায় হাতিয়া থানায় মামলা করে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত