মডেল রিধিকার মরদেহ উদ্ধার

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৭:৪৪ এএম

মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকাল ৬টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভাটারা থানার পরিদর্শক তদন্ত মেহেদী হাসান এ তথ্য জানান।

মেহেদী হাসান আরও বলেন, রিধিকা তার বান্ধবীসহ সাবলেট বাসায় থাকতেন। বান্ধবী ও তার প্রেমিকের বরাত দিয়ে তিনি জানান, রাতে প্রেমিক হাসিফ রহমান নাফিমের সঙ্গে ভিডিওকলে কথা হয় রিধিকার। তখন তাকে হুমকি দিয়ে বলা হয়, তার কথা না মানলে আত্মহত্যা করবে। তাকে কলে রেখে আত্মহত্যার প্রস্তুতি নিলে হাসিফ বারণ করেন এবং দ্রুত মোটরসাইকেলে তার বাসায় আসেন। হাসিফ তার বান্ধবীকে ব্যাপারটা জানায়। পরে বাসায় এসে ঘর থেকে তার বান্ধবী ও বাড়িওয়ালার উপস্থিতিতে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে কুর্মিটোলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ভাটারা থানার এসআই মো. ওয়াদুদ বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল সম্পন্ন করি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা বলেই ধারণা করছি, ময়নাতদন্তের প্রতিবেদন এবং পুলিশের তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

স্বজনরা জানিয়েছেন, সকালে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে কুর্মিটোলা মেডিকেলে নিয়ে যায় তারা। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রিধিকা রিধি মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পরিচিতি পান। মডেলিংয়ের পাশাপাশি বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন রিধি। তার অভিনীত নাটকের মধ্যে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘পিনিক ম্যান ৪’ ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’, ‘সুন্দরী’, ‘চাষার বউ ডাক্তার’ ও ‘লেডি বাটপার’ উল্লেখযোগ্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত