দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট গতকাল শনিবার সকাল ৯টা ৪৩ মিনিটে পুনরায় বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে। বর্তমানে এ ইউনিট থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক। তিনি বলেন, গত শুক্রবার বন্ধ হয়ে যাওয়া ১ নম্বর ইউনিটটি মেরামত শেষে গতকাল সকালে পুনরায় চালু করা হয়েছে। বর্তমানে এ ইউনিট থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এ ইউনিট থেকে সর্বোচ্চ ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব উল্লেখ করে তিনি বলেন, সে হিসেবে বর্তমানে ইউনিটটি প্রায় পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করছে।