লাবুশেনের 'সুন্দর ৩১ রানের' পক্ষে সাফাই অজি কোচের

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৪:০৯ পিএম

অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড স্বীকার করেছেন যে ডারউইন টেস্টে তার দল খুবই বাজে খেলেছে। তবে তিনি স্পষ্ট করেছেন যে, বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ সমতায় ফেরাতে ম্যাকেতে হতে যাওয়া পরবর্তী 'অবশ্য জয়ী' ম্যাচে একাদশে পরিবর্তন আনতেই হবে—বিষয়টি তা নয়।

ঐতিহাসিক ও অবিশ্বাস্য হারের পর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে ওপেনার জেক ওয়েদারাল্ড এবং তিন নম্বর ব্যাটার মার্নাস লাবুশেন। অজি কিংবদন্তি মার্ক ওয়াহ এবং রিকি পন্টিংয়ের মতো সাবেক তারকারা ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে ব্যাটিং অর্ডারের শীর্ষে পরিবর্তনের দাবি তুলেছেন। তবে ম্যাকডোনাল্ড জানিয়েছেন, ম্যাকে টেস্টের দল নির্বাচনের ক্ষেত্রে নির্বাচক প্যানেল কোনো আবেগকে স্থান দেবে না। তবে মাররা ওভালে ঐতিহাসিক ৯ উইকেটের হারের পর স্কোয়াডের পরিধি কিছুটা বাড়ানো হতে পারে।

"আমি মনে করি না এটি এমন হবে যে—'ওহ, আমরা একটি টেস্ট হেরেছি তাই আমাদের অবিলম্বে সবকিছু বদলে ফেলতে হবে'। একাদশ নির্ধারণের জন্য আমরা সবসময় যেভাবে পথ চলি, সেভাবেই ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নেব," তিনি বলেন।

"আমরা হারের আবেগে ভেসে পরিবর্তন আনি না। বিষয়টা হলো পরিস্থিতিকে কীভাবে বিশ্লেষণ করা যায়—কীভাবে বর্তমান দলকে সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত করা যায় এবং তাদের কাছ থেকে সর্বোচ্চ পারফরম্যান্স বের করে আনা যায়। "আর যদি পরিবর্তনের প্রয়োজন পড়েই, তবে তা হবে আমাদের এই সিদ্বান্তের ওপর ভিত্তি করে যে—অন্য কাউকেও নিলে দলটি আরও ভালো পারফর্ম করবে।"

বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে ব্রিসবেনের প্রস্তুতি ক্যাম্পে থাকা প্রাক্তন ওপেনার ম্যাট রেনশ সম্ভাব্য বিকল্প হিসেবে আলোচনায় রয়েছেন। অন্যদিকে ডারউইনে রিজার্ভ ব্যাটার হিসেবে দলের সঙ্গে ছিলেন জশ ইংলিস।

ইংল্যান্ডের বিপক্ষে এলবিডব্লিউ হওয়ার দুর্বলতা কাটিয়ে উঠতে ওয়েদারাল্ড টেকনিকে পরিবর্তন এনেছিলেন। তবে ডারউইনে প্রথম ইনিংসে বাজেভাবে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ২৩ রানে এবং দ্বিতীয় ইনিংসে বোল্ড হয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন তিনি।

আসন্ন দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ভারতের মতো কঠিন সিরিজের পাশাপাশি আগামী বছরের অ্যাশেজের আগে তার এই টেকনিক্যাল পরিবর্তন কতটা সফল হবে, তা এখনই বলা কঠিন বলে জানান ম্যাকডোনাল্ড, 'জেকের পজিশন ও মুভমেন্টে কিছু পরিবর্তন আনা হয়েছিল। তবে খুব ছোট নমুনা দেখে কোনো টেকনিক চাপের মুখে টিকবে কি না তা নিশ্চিত হওয়া কঠিন। সে প্রথম ইনিংসে ড্রাইভ করতে গিয়ে আউট হয়েছে এবং দ্বিতীয় ইনিংসে বল স্টাম্পে টেনে এনেছে।'

অন্যদিকে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর বাদ পড়া এবং পরবর্তীতে অ্যাশেজে ফেরার পর ডারউইনের দ্বিতীয় ইনিংসে মার্নাস লাবুশেনকে কিছুটা ছন্দে দেখাচ্ছিল। তবে ৩১ রানে আউট হওয়ার পর কোচ স্বীকার করেন যে এই কুইন্সল্যান্ডারের কাছ থেকে এখন "বড় রান" প্রয়োজন।

'আমরা রান চাই, আসল কথা এটিই," ম্যাকডোনাল্ড বলেন। "দ্বিতীয় ইনিংসে সে ৩১ রান করেছে। কিন্তু আউট হওয়ার আগ পর্যন্ত মনে হচ্ছিল সে খুব সুন্দর খেলছে—প্যাডের বল ফ্লিক করছিল, চমৎকার ড্রাইভ করছিল। তাই এখানে বসে তার পক্ষ নেওয়া আমার জন্য সহজ হলেও, দিনশেষে এটি তো ৩১ রানই, যা কোনো বড় স্কোর নয়।'

'ওর ব্যাটে রান নেই, ও সেটা বোঝে এবং আমরাও বুঝি। কোচিং স্টাফ হিসেবে আমরা ওকে আবার ছন্দে ফেরাতে আপ্রাণ চেষ্টা করছি। তবে দীর্ঘদিনের ব্যর্থতা কাটিয়ে সে আবারও লড়াইয়ে ফেরার মানসিকতা দেখাচ্ছে।'

ডারউইন টেস্টের একমাত্র সেঞ্চুরিয়ান ক্যামেরন গ্রিন ছাড়া দলের আর কোনো খেলোয়াড়ের বয়স ৩০-এর নিচে নয়। বয়োবৃদ্ধ এই দল নিয়ে সমালোচকদের পরামর্শকে 'সহজ পথ' হিসেবে আখ্যা দেন তিনি।

'একটি হারের পর সবসময়ই দলের বয়স ও পারফরম্যান্স নিয়ে কথা হবে, তা স্বাভাবিক। তবে এই ক্রিকেটারদের এখনও অনেক কিছু দেওয়ার রয়েছে বলে আমি বিশ্বাস করি। জয়ের পরও অনেকে পরিবর্তনের দাবি তোলে। এত বড় হারের পর তেমন দাবি ওঠা স্বাভাবিক,' তিনি আরও যুক্ত করেন।

ম্যাকডোনাল্ড শুধু ব্যাটারদের ওপর দায় না চাপিয়ে স্বীকার করেন যে পেস আক্রমণও আশানুরূপ পারফর্ম করতে পারেনি, বিশেষ করে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪২৬ রান সংগ্রহ করার ক্ষেত্রে তারা উইকেট থেকে কোনো সুবিধা নিতে পারেনি। তবে জোশ হ্যাজলউড তুলনামূলক ভালো বল করেছেন।

একই সঙ্গে অস্ট্রেলিয়ার প্রস্তুতি নিয়ে ওঠা সমালোচনাও উড়িয়ে দেন তিনি। সাম্প্রতিক বছরগুলোতে ঘরের মাঠে সিরিজের প্রথম টেস্টে ধুঁকতে দেখা গেলেও অজি কোচের দাবি, "আমাদের প্রস্তুতি সত্যিই চমৎকার ছিল এবং আমরা সঠিক পথেই ছিলাম।"

×
সর্বশেষ সর্বাধিক পঠিত