বগুড়ায় বিশ্ব মান দিবস পালিত

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পিএম

‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব-সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’ প্রতিপাদ্য সামনে রেখে বগুড়ায় ৫৭তম বিশ্ব মান দিবস পালিত হয়েছে। 

বুধবার (১৪ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মানসম্মত পণ্য উৎপাদন, আন্তর্জাতিক মান অনুসরণ, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় স্বাগত বক্তব্য দেন বিএসটিআইয়ের আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক জহুরুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, অতিরিক্ত পুলিশ সুপার আসাদ, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এমএসএম আতিকুর রহমান বাদল, বিসিএল টাইলস লিমিটেডের আরিফুল হোসেন আরিফ, রাজাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান, রাজশাহী বিভাগীয় পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল জলিল, আকিজ এগ্রো অ্যান্ড লাইভস্টক লিমিটেডের সৌরভ হাসান এবং বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু। এ ছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে উৎপাদক, ব্যবসায়ী, ভোক্তা ও সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পণ্যের গুণগত মান বজায় রাখা, আন্তর্জাতিক মান অনুসরণ এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পাশাপাশি নিয়মিত বাজার তদারকি ও পণ্যের মান যাচাইয়ের মাধ্যমে ভেজাল এবং নিম্নমানের পণ্যের বিস্তার রোধ করতে হবে।

বক্তারা আরও বলেন, ভোক্তাদের অধিকার সুরক্ষা এবং মানসম্মত পণ্য ও সেবা নিশ্চিত করতে জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই। একই সঙ্গে সাশ্রয়ী জ্বালানির ব্যবহার, পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসার এবং টেকসই উৎপাদনব্যবস্থা গড়ে তুলতে জাতীয় ও আন্তর্জাতিক মান অনুসরণ করতে হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত