পারিবারিক কোনো আয়োজন, বিয়ে, উৎসব এবং বিভিন্ন পার্টি মানে আনন্দের উপলক্ষ। শিশুরা আত্মীয়দের সাথে দেখা করে, অন্য শিশুদের সঙ্গে খেলে এবং এমন কারও সঙ্গে সময় কাটাতে পারে যাদের তারা প্রতিদিন দেখতে পায় না। কিন্তু এই ধরনের গেট টুগেদার শিশুদের অস্বস্তিকর পরিস্থিতিতেও ফেলতে পারে। কখনও কখনও প্রাপ্তবয়স্করা শিশুদের সঙ্গে এমন আচরণ করে যা তাদেরকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। অনেক সময় বাবা-মায়েরা তাদের সন্তানদের অস্বস্তি উপেক্ষা করতে বলেন শুধুমাত্র অন্যদের খুশি রাখতে। বাবা-মা হিসাবে সন্তানের মানসিক এবং শারীরিক বাউন্ডারি রক্ষা করার অর্থ তাদের অভদ্র হতে শেখানো নয়। এর অর্থ তাদের শেখানো যে তাদের অনুভূতি গুরুত্বপূর্ণ। আপনার সন্তানকে নিয়ে অন্য কাউকে এই জিনিসগুলো করা কিংবা বলার অনুমতি দেবেন না-
আলিঙ্গন বা চুম্বন করতে দেবেন না
কোনো আত্মীয় এসে আপনার সন্তানকে আলিঙ্গন বা চুম্বন করতে চাইতে পারেন। আপনার সন্তান আপনার পিছনে লুকিয়ে থাকতে পারে, সরে যেতে পারে বা অসম্মতি জানাতে পারে। তাকে জোর করবেন না। শিশুদের তারা শারীরিক স্নেহ চায় কিনা সে সিদ্ধান্ত নিতে দেওয়া উচিত। আপনার সন্তানকে ভদ্রভাবে না বলতে শেখাতে পারেন। কারণ সে ছোট মানুষ হলেও নিজের স্বস্তি ও অস্বস্তি প্রকাশের অধিকার তার রয়েছে।
মন্তব্য করতে দেবেন না
আপনার সন্তান খুব লাজুক হোক কিংবা চঞ্চল, মানুষকে এ ধরনের মন্তব্য করার অনুমতি দেবেন না। কারণ তারা সব সময় আপনার সন্তানের সঙ্গে থাকবে না। কিন্তু তাদের বলা বিভিন্ন মন্তব্য আপনার সন্তানের মাথায় গেঁথে যেতে পারে। শিশুরা ধীরে ধীরে নিজের সম্পর্কে বারবার শোনা জিনিসগুলো বিশ্বাস করতে শুরু করতে পারে। যে শিশুটি মানুষ দেখলে শান্ত থাকে সে সব সময়েই যে লাজুক, এমন নয়। যে শিশু খেলনা ভাগ করতে অস্বীকার করে সেও স্বার্থপর নয়। শিশুরা এখনও তাদের আবেগ বুঝতে এবং প্রকাশ করতে শিখছে। তাই এ বিষয়ে সতর্ক হোন।
তুলনা করার অনুমতি দেবেন না
পারিবারিক আয়োজনগুলো দ্রুত তুলনামূলক অঞ্চলে পরিণত হতে পারে। তার মার্কস দেখো, কেন তুমি তার মতো স্কোর করতে পারো না? তোমার কাজিন খুব আত্মবিশ্বাসী। অমুকের সন্তান ইতিমধ্যে তিনটি ভাষা শিখছে। এই ধরনের মন্তব্য অনুপ্রেরণা হিসাবে বলা হতে পারে, কিন্তু তুলনা শুনে শিশুদের মনে হতে পারে যে তারা যথেষ্ট ভালো নয়। প্রতিটি শিশু ভিন্নভাবে বিকাশ করে। আপনার সন্তানকে অন্য সন্তানের সঙ্গে তুলনা না করে তার নিজের উন্নতিতে মনোযোগ দিন। যদি কেউ তুলনা করে আপনি সহজভাবে বলতে পারেন, সে যে অগ্রগতি করছে তাতে আমরা খুশি। আপনার সন্তানের জানা দরকার যে তার জন্য আপনার ভালবাসা এবং গ্রহণযোগ্যতা অন্য কারো চেয়ে ভালো হওয়ার ওপর নির্ভরশীল নয়।
কাউকে আপনার সন্তানকে নিয়ে মজা করতে দেবেন না
প্রাপ্তবয়স্করা কখনও কখনও টিজিংকে শুধু রসিকতা বলে উড়িয়ে দেন। কিন্তু যদি সবাই হাসে এবং আপনার সন্তান চুপচাপ দাঁড়িয়ে থাকে, বিব্রত বা বিচলিত দেখায়, তাহলে এটি তাদের কাছে রসিকতা মনে না-ও হতে পারে। তাদের চেহারা, কণ্ঠস্বর, ওজন, জামাকাপড়, পড়াশোনা, অভ্যাস বা ব্যক্তিত্ব সম্পর্কে মন্তব্য তাদের ভেতর থেকে আত্মবিশ্বাস নষ্ট করে দিতে পারে। এরকমটা দেখলে সঙ্গেসঙ্গেই তাদের থামিয়ে দিন।
আপনার সন্তানের সম্পর্কে নেতিবাচক কথা বলতে দেবেন না
অন্যদের সামনে সন্তানের ভুল বা দুর্বলতার কথা তুলে ধরবেন না। এ ধরনের কথা আপনার সন্তানকে বিব্রত করতে পারে এবং মা-বাবার প্রতি তাদের আস্থা নষ্ট করতে পারে। আপনার সন্তানের সঙ্গে যদি কিছু আলোচনা করার প্রয়োজন থাকে তবে তা গোপনে এবং শান্তভাবে করুন। শিশুদের নির্দেশনা প্রয়োজন, কিন্তু তাদের মর্যাদাও প্রয়োজন। শিশুদের শেখান যে বড়দের সম্মান করা এবং পারিবারিক সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ মূল্যবোধ। কিন্তু সম্মান মানে এই নয় যে শিশুদের নিজেদের অস্বস্তি উপেক্ষা করতে হবে।