প্রতারণার ১৩০ মামলার আসামি দিলরুবা গ্রেপ্তার

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৬:৫৩ এএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধ এনজিওর মাধ্যমে অধিক লাভ দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে প্রায় ১০৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ওয়ারেন্টভুক্ত আসামি নিশাত দিলরুবা জাহানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। নিশাত দিলরুবা জাহান মধুমতি সমাজ উন্নয়ন সংস্থার পরিচালনা কমিটির নির্বাহী সদস্য ও মালিক। তিনি প্রায় ১৩০টি প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছে র‌্যাব-১০।

গতকাল শিবগঞ্জ থানার ওসি মো. মতিউর রহমান বলেন, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নিশাত দিলরুবা জাহানের বিরুদ্ধে প্রায় ১৩০টি প্রতারণার মামলা রয়েছে। এসব মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশাত জানিয়েছেন, গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। র‌্যাব জানায় গ্রেপ্তারের পর নিশাত দিলরুবা জাহানকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃত মোসা. নিশাত দিলরুবা জাহান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবনারায়ণপুর গ্রামের বাসিন্দা সানোয়ার হোসেনের স্ত্রী। তার স্বামী সানোয়ার হোসেনও সংস্থাটির পরিচালনা কমিটির নির্বাহী সদস্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত