রাজশাহীর বিভাগীয় কমিশনারসহ উত্তরের ৩ ডিসি প্রত্যাহার

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৬:৫৯ এএম

গত দুদিনে প্রশাসনে বড় রদবদল করা হয়েছে। এর মধ্যে রাজশাহীর বিভাগীয় কমিশনারসহ উত্তরের তিন জেলার জেলা প্রশাসককে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া চলতি সপ্তাহের সোমবার পদোন্নতিপ্রাপ্ত ২৭৭ উপসচিবের মধ্যে ১৭৪ কর্মকর্তার পদায়নের ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছে। ১৭৪ কর্মকর্তার মধ্যে ১১৩ জনকে পরবর্তী পদায়নের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছে। অবশিষ্ট ৬১ উপসচিব পদোন্নতি প্রাপ্তির আগের পদেই দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে। মঙ্গলবার ও গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃৃথক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। সংশ্লিষ্ট প্রজ্ঞাপন সরকারি কর্মচারী বাতায়নে আপলোড করা হয়েছে।

গত মঙ্গলবার দিনশেষের এক প্রজ্ঞাপনে অতিরিক্ত সচিব পদমর্যাদাসম্পন্ন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. এএনএম বজলুর রশিদকে প্রত্যাহার করা হয়। একই দিনে পৃথক এক প্রজ্ঞাপনে উপসচিব পদমর্যাদার তিন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট যথাক্রমে নাটোরের মিজ আসমা শাহীন, গাইবান্ধার মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের মোহাম্মদ রুহুল আমিনকে প্রত্যাহার করা হয়েছে। তাদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। একটি সূত্র জানায়, রাজশাহী বিভাগীয় কমিশনার ও তিন জেলায় প্রত্যাহারকৃতদের স্থলে গতকাল বুধবার রাত ৮টা পর্যন্ত কাউকে পদায়ন করা হয়নি।

এর আগে গত সোমবার ২৭৭ সিনিয়র সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেয় সরকার। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখা-২ থেকে জারীকৃত এক প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত উপসচিবদের মধ্য থেকে ১১৩ কর্মকর্তাকে পরবর্তী পদায়নের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। একই দিনে পৃথক প্রজ্ঞাপনে আরও ৬১ জন পদোন্নতিপ্রাপ্ত উপসচিবকে তাদের পরবর্তী পদায়নের আগ পর্যন্ত পূর্ববর্তী পদেই দায়িত্ব পালন অব্যাহত রাখতে নির্দেশ দেওয়া হয়। তারা পদোন্নতি পাওয়ার আগে সরকারের বিভিন্ন সংস্থা, একাডেমি, অধিদপ্তর ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে (যেমন সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ) দায়িত্ব পালন করে আসছিলেন।  এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত সচিব মিজ ইসরাত চৌধুরী, এনডিসি কে গতকালই অবসর-উত্তর ছুটিতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত