খুলনায় একই স্থানে ২ যুবককে গুলি করে হত্যা

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৬:৫৪ এএম

খুলনা নগরীর লবণচরা থানার আশিবিঘা এলাকায় দুই যুবককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে মঞ্জুরুল ইসলাম নামে এক তরুণকে গুলি ও ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলের মাত্র ৫০০ গজ দূরে নাজমুল নামের আরেক যুবকের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে।

নগরীর ক্রাইমজন হিসেবে পরিচিত লবণচরা থানা এলাকায় একই স্থানে একই দিনে দুটি হত্যাকা-ের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিহত মঞ্জুরুল ইসলাম আশিবিঘা এলাকার খোকন সানার ছেলে। তিনি বাবার সঙ্গে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। নাজমুল একই এলাকার মনির শেখের ছেলে। দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তাৎক্ষণিকভাবে পুলিশ তা জানাতে পারেনি।

এ বিষয়ে লবণচরা থানার ওসি সৈয়দ মোশাররফ হোসেন বলেন, মঞ্জুরুলকে কেন হত্যা করা হয়েছে সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। তাকে হত্যার বিষয়ে একটি সন্ত্রাসী গ্রুপের নাম এসেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার রেজাউর রহমান বলেন, প্রাথমিকভাবে ফুটবল খেলাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে। তবে শুধু ফুটবল খেলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে কি না, বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, চলতি আগস্ট মাসের ১৯ দিনে খুলনা মহানগরীতে পাঁচজনকে হত্যা করা হয়েছে। এর মধ্যে ১১ আগস্ট রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের কিসমত খুলনা গ্রামে ইটভাটার মধ্যে ফখরুল শেখ নামের এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করা হয়। চার দিন পর ১৫ আগস্ট রূপসার আইচগাতী ইউনিয়নের দুর্জনি মহল-শহীদের মোড় এলাকায় জয় ঢালি নামের আরেক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়।

১৮ আগস্ট খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার রায়ের মহল এলাকায় রাজু শিকদার নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। গতকাল একই স্থানে দুটি হত্যার ঘটনা ঘটল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত