প্রকাশ্যে নারীকে জুতাপেটা

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৬:৫৫ এএম

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পরকীয়ার অভিযোগ তুলে গ্রাম্য সালিশে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। গত সোমবার উপজেলার মাধবপুর ইউনিয়নের চারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মো. ফরিদ উদ্দিন মাধবপুর ইউপি চেয়ারম্যান।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সালিশে উপস্থিত লোকজনের সামনে ২৪ থেকে ২৫ বছর বয়সী এক নারীকে মাটিতে বসিয়ে জুতাপেটা করছেন ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন। একপর্যায়ে তিনি ওই নারীর মাথা নিচের দিকে চেপে ধরে পেটে জুতা দিয়ে আঘাত করেন।

স্থানীয় লোকজনের তথ্যমতে, চারিপাড়া গ্রামের বিল্লাল হোসেন নামে এক যুবকের সঙ্গে ওই নারীর পরকীয়ার অভিযোগ তুলে সালিশের আয়োজন করা হয়। সালিশে ওই নারী ও যুবককে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত হলেও পুরুষটির শাস্তির কোনো ভিডিও প্রকাশ পায়নি। ভিডিওটি প্রকাশ্যে আসার পর স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, প্রকাশ্যে এমন মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের প্রতিবাদ জানানোর সাহস পাননি কেউ।

অভিযোগ স্বীকার করে ইউপি চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন বলেন, প্রবাসী স্বামীর সংসারে থাকা অবস্থায় ওই নারী পরকীয়ায় জড়ান। সামাজিক সালিশে যে রায় হয়েছিল, তিনি সেটিই বাস্তবায়িত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত