বাল্কহেড থেকে চ্যানেল চার্জ আদায় নিয়ে হামলা, আহত ১১

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০৭:৪৯ এএম

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে চলাচলকারী বাল্কহেড থেকে চ্যানেল চার্জ আদায় কেন্দ্র করে হামলা, লুটপাট ও হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বয়ড়া এলাকায় এ ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত চারজনকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

হামলার শিকার ব্যক্তিদের অভিযোগ, চ্যানেল চার্জ আদায়ের সময় তিনটি স্পিডবোটে করে মুখোশ ও হেলমেট পরা ৩০-৪০ জনের একটি দল এসে তাদের ঘিরে ফেলে। পরে দেশীয় অস্ত্র, হকিস্টিক, লোহার রড ও বাটাম দিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় চ্যানেল চার্জের টাকা ও মোবাইল ফোনসহ প্রায় তিন লাখ টাকা লুট করে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা। তিনজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে।

গুরুতর আহত হারুকান্দি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবিদুর রহমানসহ কয়েকজন জানান, তারা ট্রলারে করে পদ্মা নদীর বয়ড়া এলাকায় বাল্কহেড থেকে চ্যানেল চার্জ আদায় করছিলেন। এ সময় স্পিডবোটে করে হামলাকারীরা এসে প্রথমে ফাঁকা গুলি ছুড়ে তাদের ঘিরে ফেলে। পরে হামলা চালানো হয়।

আহত সজল আহমেদ বলেন, হামলাকারীরা প্রথমে মুকুলকে খুঁজছিল। তাকে না পেয়ে উপস্থিত লোকজনের ওপর এলোপাতাড়ি মারধর শুরু করে। এতে ১১ জন আহত হন। গুরুতর আহত চারজনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত