রাজধানীর উত্তরায় প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাইয়ের মালিকানাধীন ডিএল পেট্রোলপাম্পের এক কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বৃহস্পতিবার রাতে খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকার একটি বাসার গ্যারেজ থেকে পালসার মোটরসাইকেলটি আটক করে ডিবি উত্তরা বিভাগের একটি দল। ডিবি জানায়, রিমান্ডে জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার সাগর বাড়ৈয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলটি আটক করা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিবির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ইলিয়াস কবির।
তিনি বলেন, উত্তরার চাঞ্চল্যকর এ ছিনতাইয়ের ঘটনায় ডিবি শুরু থেকেই গুরুত্ব দিয়ে তদন্ত করছে। এরই মধ্যে এ ঘটনায় ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে সাগর বাড়ৈসহ পাঁচজনকে চারটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে ডিবি। তাদের কাছ থেকে কিছু টাকা ও বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি র্যাবও এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার আসামিদের মধ্যে সাগর বাড়ৈ ও জলিল নামে দুই আসামি বর্তমানে ডিবির রিমান্ডে রয়েছে। রিমান্ডে থাকা সাগর বাড়ৈর দেওয়া তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে খিলগাঁও থানার নন্দীপাড়া এলাকার হাফিজ উদ্দিন মাস্টার রোডের একটি ভবনের গ্যারেজ থেকে মোটরসাইকেলটি আটক করা হয়।
ডিবির এ কর্মকর্তা বলেন, যে বাসার গ্যারেজ থেকে মোটরসাইকেলটি আটক করা হয়, সেখানে ইতালিপ্রবাসী পরিচয়ে ভাড়া থাকতেন সাগর বাড়ৈ। উত্তরায় ছিনতাইয়ের পর মোটরসাইকেলটি ওই বাসার গ্যারেজে রেখে তিনি পালিয়ে যান। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সাগর প্রথমে মোটরসাইকেলটি গোপালগঞ্জে রাখা হয়েছে বলে জানিয়েছিলেন। তার তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়েও মোটরসাইকেলটির সন্ধান পাওয়া যায়নি। পরে অধিকতর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে খিলগাঁওয়ের নন্দীপাড়া থেকে মোটরসাইকেলটি আটক করা হয়।