রাজধানীতে পূর্বশত্রুতার জেরে হত্যার ঘটনায় গ্রেপ্তার এক

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০৭:৫১ এএম

রাজধানীর রায়েরবাজারে জিহাদ হত্যার ঘটনায় মো. পারভেজ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে রায়েরবাজারের হাশেম খান সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মো. জুয়েল রানা এ তথ্য জানান।

পুলিশ বলছে, মুঠোফোন নিয়ে পূর্বশত্রুতার জেরে জিহাদকে গত রবিবার রাতে মারধর করে আসামিরা। মারধরে জিহাদ গুরুতর আহত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। জিহাদের ব্যবহৃত মুঠোফোনটি পারভেজের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারভেজ এ হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। খুনের শিকার জিহাদের গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ। তিনি রাজধানীর রায়েরবাজারের হাশেম খান সড়ক এলাকায় থাকতেন।

এডিসি জুয়েল রানা বলেন, পরিবারের সদস্যসহ স্থানীয় লোকজনের ভাষ্য, জিহাদের সঙ্গে পারভেজসহ অন্য আসামিদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। মারধরের ঘটনায় গুরুতর আহত জিহাদকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে গত বুধবার রাতে তাকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার সকালে জিহাদের মৃত্যু হয়।

পুলিশ জানায়, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত