সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজনের মৃত্যু

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০৭:৫৫ এএম

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মেয়েটির বাবা আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে ঘোড়াঘাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জমিলাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার নাসিরাবাদ এলাকার সেলিম হোসেনের স্ত্রী মোছা. সম্পা বেগম (৩৫) ও তার মেয়ে নুসাইফা আক্তার (১২)। স্থানীয়রা জানান, মা, মেয়ে ও বাবা ঘোড়াঘাটের বাগানবাড়ী এলাকায় মেয়ের জামাইয়ের বাড়িতে যাওয়ার পথে জমিলাপুর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অপরদিকে, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাতি এলাকার এস এন্ড বি ইটভাটার সামনে বগুড়া-হাটিকুমরুল মহাসড়কে গত শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বালুবাহী ডাম্প ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে কাভার্ডভ্যান চালক শরিফুল ইসলাম (৪৩) নিহত ও হেলপার রায়হান (২২) আহত হয়েছেন। নিহত শরিফুল ইসলাম যশোরের বেনাপোল উপজেলার বারোপোতা গ্রামের ছেলে ও আহত রায়হানের বাড়ি ময়মনসিংহে। স্থানীয়রা জানায়, কাভার্ডভ্যানটি হেলপার রায়হান চালাচ্ছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির ডাম্প ট্রাকটির  পেছনে এসে সামনে থাকা কাভার্ডভ্যানটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। কাভার্ডভ্যানে ঘুমিয়ে থাকা চালক শরিফুল ইসলাম ও হেলপার রায়হান গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দ্রুত সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শরিফুল ইসলাম মারা যান। আহত রায়হান বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত