ইউক্রেনকে আর্থিক সহায়তা দিচ্ছে নরওয়ে

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৫:২৮ পিএম

ইউক্রেনকে ২০২৭ অর্থবছরে আরও ৮৫ বিলিয়ন নরওয়েজিয়ান ক্রোনার বা প্রায় ৯২০ কোটি ডলার আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করেছে নরওয়ে। ২০২৬ সালেও একই পরিমাণ সহায়তা দিয়েছিল দেশটি। রবিবার (২৩ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে নরওয়ের সরকার। খবর বার্তা সংস্থা রয়টার্সের। 

ইউক্রেনের প্রতি সমর্থন জানাতে রবিবার দেশটির রাজধানী কিয়েভ সফর করছেন নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরে এবং নর্ডিক ও বাল্টিক অঞ্চলের বিভিন্ন দেশের নেতারা। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনের প্রতি সংহতি প্রকাশ করতেই তাদের এ সফর। 

নরওয়ের দেওয়া অর্থ সামরিক ও মানবিক—উভয় খাতেই ব্যয় করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী স্টোরে। দেশটির সরকারের প্রকাশিত এক বক্তব্যে তিনি বলেন, ‘ইউক্রেনকে সহায়তা ও পুনর্গঠন করা শুধু সাহায্য নয়। এটি ইউরোপের নিজস্ব নিরাপত্তায় বিনিয়োগ।’

এদিকে শনিবার এক মন্তব্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার অর্থনৈতিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে ইউক্রেন ‘প্যান্ডোরার বাক্স’ খুলে দিয়েছে। এর জবাবে রাশিয়া ইউক্রেনের ‘অর্থনীতির সবচেয়ে স্পর্শকাতর খাতগুলোতে’ হামলা চালাবে বলেও সতর্ক করেছেন তিনি।

রাশিয়া ও ইউক্রেন—দুই দেশই পরস্পরের অর্থনৈতিক অবকাঠামো অচল করে দিতে ড্রোন হামলা বাড়িয়েছে। এসব হামলায় যুদ্ধক্ষেত্রের সামনের সারি থেকে অনেক দূরের বিভিন্ন স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হচ্ছে। এদিকে রাশিয়ার শুরু করা যুদ্ধ সাড়ে চার বছর পূর্তির দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যুদ্ধক্ষেত্রে লড়াইও অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত