কক্সবাজারের চকরিয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে ১ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২৩ আগস্ট) সকালে উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান চালানো হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান আল মারুফের নেতৃত্বে পরিচালিত অভিযানে থানা রোডের বাড়ি মাংস বিতানকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
মগবাজারের স্টার ব্রেড বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদ, সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) ও উপাদানসহ প্রয়োজনীয় তথ্য না দেওয়া এবং বেকারি পণ্যে হাইড্রোজ ও অনুমোদনহীন রং ব্যবহারের অভিযোগ পাওয়া যায়।
চিরিংগা বাজারের বোরহান স্টোরকে মোড়কজাত শিশু খাদ্যে উৎপাদনের তারিখ ও মেয়াদ উল্লেখ না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকার হোটেল আল মদিনাকে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে সংরক্ষণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া পিউরিয়া মিষ্টির দোকানকে মোড়কজাত পণ্যে এমআরপি না থাকা এবং মিষ্টিতে তেলাপোকার উপস্থিতিসহ অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে বিভিন্ন ফলের দোকান, ফার্মেসি ও মুদি দোকানও তদারকি করা হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন, সঠিক ওজনে পণ্য বিক্রি এবং পণ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে কি না, তা দেখা হয়।
তদারকির সময় ব্যবসায়ী ও ভোক্তাদের ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্পর্কে সচেতন করা হয়। একই সঙ্গে আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে চকরিয়া পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর হায়দার আলী, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আরিফুল ইসলাম ও চকরিয়া থানা পুলিশের একটি দল সহায়তা করে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক মো. হাসান আল মারুফ জানিয়েছেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।