তরুণীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৬:৩১ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিয়ের প্রলোভনে এক তরুণীকে ৭ দিন ভাড়া বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। অপর দিকে গোপালগঞ্জের কাশিয়ানীতে পাউরুটি কিনতে গিয়ে ৯ ও ৭ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন-

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিয়ের প্রলোভনে এক তরুণীকে (২৯) ৭ দিন ভাড়া বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। গত শনিবার রাতে উপজেলার তারাব পৌরসভার বরপা শান্তিনগর এলাকা থেকে ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ। রবিবার সকালে ৭ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। এ ঘটনায় প্রধান আসামি আলমগীর, রুনা ও পপি নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের শিকার ওই তরুণী জানান, রূপগঞ্জ উপজেলার বরপা শান্তিনগর এলাকার মৃত শাহেদ আলীর ছেলে আলমগীর হোসেনের সঙ্গে মুন্সীগঞ্জ বিক্রমপুরে ওই তরুণীর সামাজিক মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৫ আগস্ট ওই তরুণী বিয়ের প্রলোভনে মুন্সীগঞ্জ থেকে রূপগঞ্জে আলমগীরের কাছে চলে আসেন। আলমগীর ওই তরুণীকে নিয়ে বরপা শান্তিগর এলাকায় একটি রুম ভাড়া নেন। সেখানে আলমগীর হোসেন ও তার বন্ধু শাওন, শুভ, মোস্তফা, জীবনকে নিয়ে মাদক সেবন করেন। গত ৭ দিন ওই তরুণীকে আলমগীর হোসেন ও তার বন্ধুরা ওই ভাড়া বাড়িতে আটকে রেখে পাশবিক নির্যাতন চালায়। গত শনিবার ওই ভাড়া বাড়ির বাড়িওয়ালা বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ওই তরুণীকে উদ্ধার করে। রাতে ওই তরুণী বাদী হয়ে আলমগীর, শাওন, শুভ, মোস্তফা, জীবন, রুনা, পপিকে আসামি করে মামলা দায়ের করা হয়।

গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে পাউরুটি কিনতে গিয়ে ৯ ও ৭ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে জসিম মুন্সী নামে এক ব্যক্তির বিরুদ্ধে।  ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন। গত শনিবার দুপুরে উপজেলার রাতইল ইউনিয়নের চরপরানপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জসিম মুন্সী ওই গ্রামের জামাল মুন্সীর ছেলে। তিনি পেশায় ট্রাকচালক এবং পাশাপাশি একটি মুদি দোকান পরিচালনা করেন। এ ঘটনায় দুই শিশুর বাবা সুলতান মিনা বাদী হয়ে শনিবার সন্ধ্যায় কাশিয়ানী থানায় মামলা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত