পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে ভারী বৃষ্টির পর ময়লার ভাগাড়ের স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন ২২ জন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
রবিবার (২৩ আগস্ট) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
কর্তৃপক্ষ জানায়, রবিবার ভোররাতে কোনাক্রির গবেসিয়া এলাকার দার-এস-সালাম বর্জ্যভাগাড়ে এ দুর্ঘটনা ঘটে। রাতভর ভারী বৃষ্টির পর আবর্জনার স্তূপ ধসে আশপাশের ঘরবাড়ি ও বসতিতে পড়ে। এতে অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।
দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা খুঁজে দেখা হচ্ছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার আগে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে অনেক পরিবার সেখানে থেকে যায়। দুর্ঘটনার পর অবশিষ্ট বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
দার-এস-সালাম কোনাক্রির অন্যতম বড় উন্মুক্ত বর্জ্য ফেলার স্থান। দীর্ঘদিন ধরে এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছিল। ভারী বৃষ্টির কারণে সেখানে ধসের ঝুঁকিও বেড়ে যায়।
৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউ গিনি