অক্টোবরে ফিফা উইন্ডোতে বাংলাদেশ জাতীয় দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ আয়োজন করা যায় কি না, তা খতিয়ে দেখতে গত রবিবার ঢাকা সফর করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন সিবিএফ-এর পাঁচ সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি ঢাকার জাতীয় স্টেডিয়াম ও কিংস অ্যারেনা পরিদর্শন করার পাশাপাশি বাফুফের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। তবে এখন পর্যন্ত ম্যাচটি চূড়ান্ত হওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি বলে জানিয়েছে ব্রাজিলের ও গ্লোবো গণমাধ্যম।
পুরুষ দলের সাধারণ সুপারভাইজার সার্জিও ডিমাস ডি অলিভেইরার নেতৃত্বে এই দলে প্রশাসন, অপারেশন্স, ফিজিওলজি ও নিরাপত্তা খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে প্রতিনিধি দলটি কলকাতায় সফর করেছিল, যেখানে আগামী ৩ অক্টোবর ভারত ও ব্রাজিলের মধ্যকার প্রীতি ম্যাচটি ইতোমধ্যেই চূড়ান্ত।
স্টেডিয়াম পরিদর্শন ও লজিস্টিকস
সিবিএফ প্রতিনিধিরা প্রায় ৪৫ মিনিট জাতীয় স্টেডিয়ামে অবস্থান করেন। তাঁরা নতুন বসানো পিচ, ড্রেনেজ ও সেচ ব্যবস্থা, ড্রেসিংরুম, গ্যালারি এবং সংবাদমাধ্যমের জন্য নির্ধারিত জায়গা পর্যবেক্ষণ করেন।
পরবর্তীতে প্রতিনিধি দলটি কিংস অ্যারেনা পরিদর্শন করে, যেখানে মূল মাঠ, অনুশীলনের মাঠ, জিম ও রিকভারি সেন্টার রয়েছে। সেখানকার সুযোগ-সুবিধা দেখে ব্রাজিলিয়ান দলটি সন্তুষ্টি প্রকাশ করেছে।
পরে সন্ধ্যায় সিবিএফ প্রতিনিধিরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেসের সাথে এক বৈঠক করেন। প্রকাশ্য সৌজন্য সাক্ষাৎ হিসেবে এটিকে বর্ণনা করেছে বাফুফে। তবে জানা যায় আগামী ৬ অক্টোবর বাংলাদেশের সঙ্গে ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে ব্রাজিলের প্রতিনিধি দল। প্রস্তাব অনুযায়ী, ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে খেলে ৪ অক্টোবর ঢাকায় পৌঁছাবে ব্রাজিল দল। কলকাতা থেকে ঢাকা এবং ঢাকা থেকে দুবাই পর্যন্ত ব্রাজিল প্রতিনিধি দলকে পরিবহন করার দায়িত্ব বাফুফেকে নিতে হবে। ২৩ জন ফুটবলার, কোচিং স্টাফ ও অফিসিয়াল মিলিয়ে প্রায় ৯০ জনের একটি দলের লজিস্টিকস সামলাতে হবে। তবে এই ম্যাচের আনুমানিক খরচ কত তা প্রকাশ করা হয়নি।
বিশ্বকাপের পর প্রথম ফিফা উইন্ডোর জন্য ৩টি প্রীতি ম্যাচ নিশ্চিত করেছে সিবিএফ—২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় এবং ৩ অক্টোবর কলকাতায়। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের উইন্ডোতে সর্বোচ্চ ৪টি ম্যাচ খেলার সুযোগ থাকায় ঢাকার ম্যাচটি সূচীর মধ্যেই ফেলা যায়।
তবে মূল সমস্যা তৈরি হয়েছে দুটি বড় প্রতিবন্ধকতা ঘিরে
ভারতের জায়গায় বাংলাদেশ আসিয়ান কাপের প্রথম সংস্করণে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছে (সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরু পর্যন্ত ইন্দোনেশিয়ায়)। সেখানে বাংলাদেশকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচ খেলতে হবে। ৬ অক্টোবর ব্রাজিলের মুখোমুখি হতে গেলে বাফুফেকে এই সূচি পুনর্বিন্যাস করতে হবে।
এত বড় প্রতিনিধি দলের খরচ মেটানো, নিশ্ছিদ্র নিরাপত্তা দেওয়া এবং সংস্কারের শেষ পর্যায়ে থাকা জাতীয় স্টেডিয়ামটির চূড়ান্ত অনুমোদন পাওয়ার বিষয়গুলো বাফুফেকে চ্যালেঞ্জের মুখে ফেলছে।