মাদক পাচারের অভিযোগে নৌযানে মার্কিন হামলা, নিহত ২

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৪:০৫ পিএম

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একটি নৌযানে হামলা চালিয়েছে তারা। হামলায় দুজন নিহত হয়েছেন। খবর সিএনএন এর। 

মার্কিন সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড (সাউথকম) সোমবার (২৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের প্রচলিত রুটে চলাচলকারী একটি নৌযানকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। মার্কিন বাহিনীর দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া গিয়েছিল যে নৌযানটি সক্রিয়ভাবে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল।

সাউথকম বলেছে, মাদক চোরাচালানকারী চক্রগুলোর বিরুদ্ধে সরাসরি অভিযান চালাতে যুক্তরাষ্ট্র যে দৃঢ় অবস্থানে রয়েছে, এই হামলা তারই স্পষ্ট উদাহরণ।

হামলার সঙ্গে প্রকাশ করা সাদাকালো ভিডিওতে পানির ওপর একটি নৌযান চলতে দেখা যায়। কিছুক্ষণ পর নৌযানটিতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে।

এর আগে সেপ্টেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্র ‘সাউদার্ন স্পিয়ার’ নামে একটি অভিযান শুরু করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, লাতিন আমেরিকাভিত্তিক মাদক চোরাচালানকারী চক্রগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কার্যত যুদ্ধে নেমেছে।

এ অভিযান শুরুর পর থেকে পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে চালানো বিভিন্ন হামলায় ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে এএফপির হিসাব অনুযায়ী জানা গেছে।

তবে যেসব নৌযানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র হামলা চালাচ্ছে, সেগুলো মাদক পাচারের সঙ্গে জড়িত—এমন সুনির্দিষ্ট ও চূড়ান্ত প্রমাণ এখনো প্রকাশ করেনি ট্রাম্প প্রশাসন।

এদিকে আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার সংগঠনগুলো এসব হামলা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই এসব হামলা চালানো হলে তা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শামিল হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত