বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আজ মঙ্গলবার বিকাল ৫টা ও সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে নাট্যদল ওপেন স্পেস থিয়েটারের নাটক 'ক্লকওয়ার্ক কনভারসেশনস'। এম আরিফুর রহমান নির্দেশিত বিশ্বসাহিত্যের তিনটি দর্শকপ্রিয় ছোটগল্প ও নাটকের আখ্যান নিয়ে সাজানো হয়েছে নাটকটি। এতে স্থান পেয়েছে আর্নেস্ট হেমিংওয়ে রচিত 'হিলস লাইক হোয়াইট এলিফ্যান্টস', এডগার অ্যালান পোর রহস্যঘেরা গল্প 'দ্য টেল-টেল হার্ট', ডেভিড আইভসের নাটক 'শিওর থিং'।
আর্নেস্ট হেমিংওয়ের গল্প ‘হিলস লাইক হোয়াইট এলিফ্যান্টস’ অবলম্বনে নির্মিত নাটকে দেখা যাবে এক ট্রেন স্টেশনে তরুণ-তরুণীর নীরব ও চাপা কথোপকথনের দৃশ্য। সাধারণ কথার আড়ালে ঢাকা পড়ে থাকে তাদের জীবন বদলে দেওয়ার মত এক সিদ্ধান্ত, যা দুজনই মুখে উচ্চারণ করতে ভয় পায়। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আইনুন নিশাত প্রেরণা, তাহমিদ সুপ্রভ এবং মহিমা রহমান সিঁথি। ডেভিড আইভসের গল্প অবলম্বনে ‘শিওর থিং’ নাটকে দেখা যাবে দুই অচেনা মানুষের দেখা হওয়া এবং কথা শুরুর চেষ্টা। প্রতিবার কথোপকথনে ভুল বা অস্বস্তি তৈরি হলেই একটি ঘণ্টার শব্দে সব নতুন করে শুরু হয়ে যায়। জীবনের কোনো মুহূর্তে যদি 'রিসেট' বোতাম থাকত তবে কেমন হত সেই সংবেদনশীল ভাবনা, এই বিষয় নিয়ে এগোয় নাটকের পটভূমি। অভিনয় করেছেন সুহালা নোশিন, তাহমিদ সুপ্রভ এবং ওয়েটার চরিত্রে রফায়াতউল্লাহ সোহান।
এডগার অ্যালান পোর মনস্তাত্ত্বিক গল্প ‘দ্য টেল-টেল হার্ট’ এ নির্দেশনার পাশাপাশি একক অভিনয় করেছেন এম আরিফুর রহমান। এক ব্যক্তির শান্ত বয়ান কীভাবে ধীরে ধীরে উন্মত্ত স্বীকারোক্তিতে রূপ নেয়, তা ফুটে উঠেছে নাটকে। কেবল নিজের কানে বাজতে থাকা এক অদ্ভুত শব্দ সময়ের সঙ্গে প্রবল হতে থাকে এবং চরিত্রটি ধীরে ধীরে নিজের আত্মনিয়ন্ত্রণ হারিয়ে উন্মাদনায় তলিয়ে যায়। ‘ক্লকওয়ার্ক কনভারসেশনস’ এর মঞ্চ পরিকল্পনা করেছেন মহজাবীন চৌধুরী এবং আলোক পরিকল্পনায় ছিলেন রফায়াতউল্লাহ সোহান।
সালমান মুক্তাদিরকে খুঁজছেন নেটিজেন
ঢাকার পানি সংকটে ডেনমার্কের সহযোগিতা ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী