ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকতার মূল কাজ: উপদেষ্টা

উপদেষ্টা আরও বলেন, সংবাদমাধ্যমে বহুমতের প্রকাশ ঘটবে এবং সেখান থেকে বস্তুনিষ্ঠ তথ্য বেরিয়ে আসবে—এটাই স্বাধীন সংবাদমাধ্যমের মূল ভিত্তি।

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৭:৫৩ পিএম

সাংবাদিকতার প্রধান কাজই হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা এবং একটি নির্বাচিত ও গণতান্ত্রিক সরকার এসব প্রশ্নকে সম্পদ হিসেবে বিবেচনা করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, গণমাধ্যম যত বেশি প্রশ্ন করবে, সরকার তত বেশি জবাবদিহিতার মাধ্যমে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা নিশ্চিত করতে পারবে। খবর বাসস’র।

মঙ্গলবার (২৫ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে দৈনিক জনতা পত্রিকার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দৈনিক জনতার সম্পাদক মণ্ডলীর সভাপতি সৈয়দ এম আলতাফ হোসাইনের সভাপতিত্বে এবং সম্পাদক ওবায়দুর রহমান শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

সংবাদপত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করে রাজনৈতিক উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্য অর্জনে গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সর্বাগ্রে শক্তিশালী প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিকীকরণ এবং সংবাদপত্রের সঙ্গে যুক্ত সব পক্ষের স্বার্থ রক্ষায় পূর্ণ নীতিগত সহায়তা দিতে প্রস্তুত।

তিনি উল্লেখ করেন, সংবাদপত্রের মালিক পক্ষ যাতে নিরাপদে ও লাভজনকভাবে বিনিয়োগ করতে পারে, সে জন্য প্রয়োজনীয় নীতিগত সুবিধা দেবে সরকার। একই সঙ্গে সম্পাদক, সাংবাদিক ও ছাপাখানার কর্মীসহ গণমাধ্যম শিল্পের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থ নিশ্চিতের আশ্বাস দেন তিনি।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে সাবেক তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বিগত সরকারের ১৭ বছরের ভুল নীতি, অপরিকল্পিত প্রকল্প ও ব্যাপক লুটপাটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতসহ পুরো অর্থনীতি আজ এক ভঙ্গুর অবস্থায় পৌঁছেছে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এই ধ্বংসাত্মক সংকট থেকে বেরিয়ে আসতে বর্তমান সরকার আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, বিগত শাসনের বিষাক্ত প্রভাব থেকে মুক্ত করে দেশকে সঠিক পথে চালনা করার মতো সততা ও সক্ষমতা বিএনপি সরকারের রয়েছে।

গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতার কথা স্মরণ করিয়ে দিয়ে উপদেষ্টা আরও বলেন, সংবাদমাধ্যমে বহুমতের প্রকাশ ঘটবে এবং সেখান থেকে বস্তুনিষ্ঠ তথ্য বেরিয়ে আসবে—এটাই স্বাধীন সংবাদমাধ্যমের মূল ভিত্তি। তবে গঠনমূলক সমালোচনার আড়ালে অতীতের অনিয়ম ও ফ্যাসিবাদের সমর্থকরা যাতে পুনরায় কোনো সুবিধা নিতে না পারে, সে বিষয়ে গণমাধ্যম সংশ্লিষ্টদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মহসিন হোসেন ও সাবেক সভাপতি বুলবুল আহমেদসহ সাংবাদিক নেতাবৃন্দ বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত