চট্টগ্রাম জেলার পটিয়ায় মাকে মারধরের অভিযোগে নুর ইসলাম (৪৩) নামে এক মাদকাসক্ত ছেলেকে ৬০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তারের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানুর রহমান পরিচালিত মোবাইল কোর্টে এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত নুর ইসলাম উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নাইখাইন গ্রামের মৃত সামশুল আলমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, নুর ইসলাম মাদক সেবন করে প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণ করতেন। মঙ্গলবার রাতে তিনি মাদক সেবন করে নিজ মাকে মারধর করেন। এ ঘটনায় ভুক্তভোগী মা পটিয়া থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে পটিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে রাতে নিজ বাড়ি থেকে নুর ইসলামকে গ্রেপ্তার করে। পরে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানুর রহমান মোবাইল কোর্ট পরিচালনা করেন। শুনানি শেষে মাকে মারধরের অভিযোগে নুর ইসলামকে ৬০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, মাদক সেবন করে মাকে মারধরের অভিযোগে ভুক্তভোগী মা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ নুর ইসলামকে গ্রেপ্তার করে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৬০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ফরিদপুরে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের মৃত্যু