শাহজালালে সিআইআইডির অভিযানে ৬২৫ কার্টন সিগারেট জব্দ

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০১:১৬ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) বি ও সি-শিফটের পৃথক অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, হোয়াইটেনিং সিরাম, জর্দা ও বিদেশি লিকার জব্দ করা হয়েছে।

বাসস জানায়, দুই শিফটের অভিযানে জব্দ পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা। সোমবার (৩১ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, মহাপরিচালকের কাছে পাওয়া নির্ভরযোগ্য গোপন তথ্যের ভিত্তিতে বি-শিফট দুবাই থেকে আগত এমিরেটসের ইকে-৫৮৪ ফ্লাইটে বিশেষ নজরদারি চালায়। গ্রিন চ্যানেল অতিক্রমের সময় যাত্রী মো. হিমেলের ব্যাগেজ তল্লাশি করে ২৭০ কার্টন সিগারেট ও ১ দশমিক ২৪ কেজি হোয়াইটেনিং সিরাম উদ্ধার করা হয়। একই ফ্লাইটের যাত্রী শারমিন আক্তারের কাছ থেকে আরও ২৭০ কার্টন সিগারেট জব্দ করা হয়। বি-শিফটের অভিযানে মোট ৫৪০ কার্টন সিগারেট ও ১ দশমিক ২৪ কেজি হোয়াইটেনিং সিরাম উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৮০ হাজার টাকা।

এদিকে, সি-শিফট দিল্লি থেকে আগত এয়ার ইন্ডিয়ার এআই-২৩৭ ফ্লাইটে নজরদারি চালানো হয়েছে।

এনবিআর জানায়, রাত আনুমানিক ২টা ১০ মিনিটে ফ্লাইটটি অবতরণের পর যাত্রী মাহাথে হাসান বাবুর কাছ থেকে ৩১ কার্টন সিগারেট ও ১৩২ পিস হোয়াইটেনিং সিরাম এবং সোহোদুল হাসান শাকিলের কাছ থেকে ৫৪ কার্টন সিগারেট, ১৪৪ পিস হোয়াইটেনিং সিরাম ও ৩ কেজি জর্দা উদ্ধার করা হয়। এছাড়া কাতার থেকে আগত কিউআর-৬৪০ ফ্লাইটের যাত্রী রফিকুল সরদারের ব্যাগ তল্লাশি করে ৩ লিটার বিদেশি লিকার জব্দ করা হয়।

এনবিআর জানায়, সি-শিফটের অভিযানে জব্দকৃত মোট ৮৫ কার্টন সিগারেট, ২৭৬ পিস বিসকস হোয়াইটেনিং সিরাম, ৫ কেজি জর্দা ও ৩ লিটার লিকারের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ২০ হাজার টাকা। একদিনে দুই শিফটের সমন্বিত অভিযানে মোট ৬২৫ কার্টন সিগারেটসহ বিপুল পরিমাণ বিদেশি পণ্য জব্দ করা হয়েছে। বিমানবন্দরে চোরাচালান ও ব্যাগেজ সুবিধার অপব্যবহার রোধে এ ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

সর্বশেষ সর্বাধিক পঠিত