লালমোহনে সাড়ে ৫ টন নিষিদ্ধ পলিথিন জব্দ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পিএম

ভোলার লালমোহনে পাঁচটি গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা পলিথিনের বাজারমূল্য ২২ লাখ টাকা।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লালমোহন পৌরসভা বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ডের লালমোহন আউটপোস্টের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালান।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. মো. সালমান বিন শওকত জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভা বাজারের আশপাশের পাঁচটি গোডাউনে তল্লাশি চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন পাওয়া গেলে তা জব্দ করা হয়।

তিনি জানান, অভিযান পরিচালনার সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে গোডাউনগুলোর মালিকরা পালিয়ে যান। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানে জব্দ করা প্রায় ৫ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা জেলা পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, পরিবেশ দূষণ রোধ এবং নিষিদ্ধ পলিথিনের ব্যবহার ও মজুত বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




সর্বশেষ সর্বাধিক পঠিত