জনগণের আস্থা ধরে রাখা বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

‘জনগণের আস্থা ধরে রাখতে সরকারকে প্রতিশ্রুতি পূরণ এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে।’

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পিএম

দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের পর জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এসেছে উল্লেখ করে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এখন দল ও সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখা। এজন্য জনগণের প্রত্যাশা পূরণ, নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং জনগণের সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত হতে হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, দেশের উন্নয়ন, উৎপাদন ও আত্মনির্ভরশীলতার লক্ষ্য নিয়ে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর মতে, বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্র ও মতপ্রকাশের সুযোগ তৈরি হয়।

এরশাদবিরোধী আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকার কথা তুলে ধরে রিজভী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে তিনি নয় বছর আপসহীন আন্দোলন করেছেন। পরবর্তী সময়ে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধেও আন্দোলনে তিনি দলের প্রধান প্রেরণা ছিলেন। কারাবন্দি অবস্থায়ও তিনি কোনো আপস করেননি।

রিজভী বলেন, খালেদা জিয়া কারাবন্দি থাকাকালে তারেক রহমান দল পরিচালনার দায়িত্ব নিয়ে গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেন। তাঁর নেতৃত্বে আন্দোলন ধারাবাহিকভাবে এগিয়ে ৫ আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে নতুন পর্যায়ে পৌঁছায়।

বর্তমান সরকারের কার্যক্রম প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, জনগণের ভোটে ক্ষমতায় এসে নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে। সামাজিক সুরক্ষা, উন্নয়ন ও উৎপাদন বাড়াতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। ফার্মার কার্ড, ফ্যামিলি কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতাসহ বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হচ্ছে।

বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে বৈশ্বিক সমস্যা উল্লেখ করে রিজভী বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব বাংলাদেশেও পড়েছে। সংকট মোকাবিলায় সরকার অতিরিক্ত অর্থ বরাদ্দ করে কাজ করছে। মহেশখালীর একটি টার্মিনালের কারিগরি ত্রুটি মেরামতের পর গ্যাস সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেপ্টেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দল ও সরকারের সম্পর্ক প্রসঙ্গে রিজভী বলেন, দল ও সরকার দুটি পৃথক প্রতিষ্ঠান হলেও তাদের মধ্যে কোনো বৈপরীত্য নেই। বিএনপির নেতাকর্মীরা সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি জনগণের কাছে তুলে ধরবেন, আর সরকার তার দায়িত্ব পালন করবে।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, ৩১ দফা, নির্বাচনি ইশতেহার ও খালেদা জিয়ার ‘ভিশন-২০৩০’-এ দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নই এখন দলের প্রধান লক্ষ্য। জনগণের আস্থা ধরে রাখতে সরকারকে প্রতিশ্রুতি পূরণ এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত