জনগণের প্রত্যাশা পূরণে অবিরাম কাজ করার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ এএম

দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার রাজধানী ঢাকাসহ সারা দেশে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বিএনপি। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে জনগণের প্রত্যাশা পূরণে অবিরাম কাজ করার অঙ্গীকার করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে তার বাবা বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

কর্মসূচি উপলক্ষে সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এর আগে সকাল ৯টা ১৭ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর শেরেবাংলা নগরে সমাধিস্থলে আসেন এবং দলের স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় ফাতেহা পাঠ করে দলের প্রয়াত প্রতিষ্ঠাতা এবং প্রয়াত চেয়ারপারসনের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ শীর্ষ নেতারা।

শ্রদ্ধা নিবেদন শেষে দলের নেতাদের নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন এবং জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করেন।

দলের চেয়ারম্যানের শ্রদ্ধা নিবেদন ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনী তুলে নেওয়ার পর সমাধিস্থলে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। নেতা-কর্মীরা

মিছিল নিয়ে ‘শুভ শুভ শুভ দিন, বিএনপির জন্মদিন’, ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে’ প্রভৃতি স্লোগানে মুখরিত করেন জিয়া উদ্যানের সমাধি প্রাঙ্গণ।

দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগেই কেন্দ্রীয়ভাবে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে জেলা ও মহানগরী পর্যায়ে আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করেছেন স্থানীয় নেতাকর্মীরা। কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ সেপ্টেম্বর রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উল্লেখ্য, বিএনপি এমন এক সময়ে তাদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে, যখন দুই দশক পর আবারও রাষ্ট্র পরিচালনা করছে দলটি। আর প্রথমবারের মতো প্রধানমন্ত্রী পদে আছেন দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি দলটির চেয়ারম্যান ছিলেন। পরে তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া দলের হাল ধরেন। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দলের হাল ধরেন তার সুযোগ্য বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।

জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখা চ্যালেঞ্জ রিজভী : সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের পর জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এসেছে। এখন দল ও সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখা। এ জন্য জনগণের প্রত্যাশা পূরণ, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং জনগণের সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত হতে হবে।’

তিনি বলেন, ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, দেশের উন্নয়ন, উৎপাদন ও আত্মনির্ভরশীলতার লক্ষ্য নিয়ে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্র ও মতপ্রকাশের সুযোগ তৈরি হয়।’

এ সময় এরশাদবিরোধী আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকার কথা তুলে ধরে রিজভী বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম জিয়া ৯ বছর রাজপথে আপসহীন আন্দোলন সংগ্রাম করেছেন। পরবর্তী সময়ে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধেও আন্দোলনে তিনি দলের প্রধান প্রেরণা ছিলেন। কারাবন্দি অবস্থায়ও তিনি কোনো আপস করেননি।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া কারাবন্দি থাকাকালে তারেক রহমান দল পরিচালনার দায়িত্ব নিয়ে গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেন। তার নেতৃত্বে আন্দোলন ধারাবাহিকভাবে এগিয়ে ৫ আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে নতুন পর্যায়ে পৌঁছায়।’

সরকারের কার্যক্রম তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘জনগণের ভোটে ক্ষমতায় এসে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে। সামাজিক সুরক্ষা, উন্নয়ন ও উৎপাদন বাড়াতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। ফার্মার কার্ড, ফ্যামিলি কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতাসহ বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হচ্ছে।’

বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে বৈশ্বিক সমস্যা উল্লেখ করে রিজভী বলেন, ‘আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব বাংলাদেশেও পড়েছে। সংকট মোকাবিলায় সরকার অতিরিক্ত অর্থ বরাদ্দ করে কাজ করছে। মহেশখালীর একটি টার্মিনালের কারিগরি ত্রুটি মেরামতের পর গ্যাস সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেপ্টেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করছি।’

দল ও সরকারের সম্পর্ক প্রসঙ্গে রিজভী বলেন, ‘দল ও সরকার দুটি পৃথক প্রতিষ্ঠান হলেও তাদের মধ্যে কোনো বৈপরীত্য নেই। বিএনপির নেতাকর্মীরা সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি জনগণের কাছে তুলে ধরবেন, আর সরকার তার দায়িত্ব পালন করবে।’

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, ‘৩১ দফা, নির্বাচনী ইশতেহার ও খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’-এ দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নই এখন দলের প্রধান লক্ষ্য। জনগণের আস্থা ধরে রাখতে সরকারকে প্রতিশ্রুতি পূরণ এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে।’

নয়াপল্টনে ড্যাবের ফ্রি মেডিকেল ক্যাম্প : প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে দিনব্যাপী অসহায়, দুস্থদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির উদ্বোধন করেন।

সকাল থেকেই বিভিন্ন বয়সী নারী-পুরুষ চিকিৎসাসেবা নিতে ক্যাম্পে আসেন। বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও ব্যবস্থাপত্র দেন। মেডিসিন, হৃদরোগ, চর্ম ও যৌন এবং চক্ষুসহ বিভিন্ন বিভাগের চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়।

্এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব অধ্যাপক ডা. জহিরুল ইসলাম শাকিল, ডা. পারভেজ রেজা কাকনসহ ড্যাবের নেতারা, বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং স্বেচ্ছাসেবীরা।

চট্টগ্রাম নগরে বর্ণাঢ্য র‌্যালি : আমাদের চট্টগ্রাম ব্যুরো জানায়, দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল চট্টগ্রাম নগরীতে বর্ণাঢ্য র‌্যালি করেছে মহানগর বিএনপি। র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ যখনই গর্তে পড়েছে, তখন বিএনপি দেশকে উদ্ধার করেছে। বর্তমানে দেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখান থেকেও সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে বের করে আনতে হবে। এবারও দেশের গভীর সংকট থেকে উত্তরণে বিএনপিই নেতৃত্ব দিতে পারবে।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশপ্রেম, স্বাধীনতা-সার্বভৌমত্ব, রাজনৈতিক শৃঙ্খলা, উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির শিক্ষা দিয়েছেন। দেশের মানুষকে সঙ্গে নিয়ে জাতীয়তাবাদী শক্তির ব্যানারে রাজনীতি করার শিক্ষাও তিনি দিয়েছেন। দল নয়, দেশ বড় আমাদের শিক্ষক আমাদের সেটা শিখিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও নিজের জীবন দিয়ে আমাদের শিক্ষা দিয়ে গেছেন। হাজারো নেতাকর্মী প্রাণ দিয়েছেন, লাখো নেতাকর্মী জেলে গেছেন, পঙ্গু হয়েছেন। এই ত্যাগের বিনিময়ে এখন আমাদের দেশ গড়ার শিক্ষা নিতে হবে।

মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপির সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক ভূমি ও পার্বত্যবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সাঈদ আল নোমান এমপি, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত