মক্কা চুক্তিতে বাংলাদেশ যোগ দেবে কি না, সে সিদ্ধান্ত নেওয়ার আগে এ সংক্রান্ত পরিস্থিতি পর্যালোচনা করছে সরকার বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম। গতকাল মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের শামা বলেন, মক্কা চুক্তিতে অংশগ্রহণের বিষয়ে আমরা পরিস্থিতি পর্যালোচনা করছি। এতে যোগদানের আগে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে। এই জোটে অংশগ্রহণের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থই হবে প্রধান বিবেচ্য বিষয়।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানান, প্রস্তাবিত মক্কা চুক্তিতে যোগদানের জন্য ঢাকা এখনো কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ককে নিয়ে গঠিত এই জোট এবং এতে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে আলোচনা চলার মধ্যেই তিনি এসব কথা বলেন।
উল্লেখ্য, গত ৭ আগস্ট ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বা ‘মক্কা চুক্তি’ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়। এ পর্যন্ত সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক চুক্তিটির অংশীদার হয়েছে।