শেখ সেলিমের বাসার গেটে ঝুলবে সম্পদ বিবরণীর নোটিস

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ এএম

গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, তার স্ত্রী ফাতেমা সেলিম ও দুই ছেলেসহ পরিবারের চার সদস্যের সম্পদ বিবরণী দাখিলের নোটিস তাদের বাসার ঠিকানায় টাঙিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, গত ৪ জানুয়ারি শেখ সেলিমের বিরুদ্ধে মামলা করে দুদক। একই দিন তার স্ত্রীসহ পরিবারের চার সদস্যের নামে সম্পদ বিবরণী দাখিলের নোটিস জারির সিদ্ধান্ত হয়। কিন্তু তাদের ঠিকানায় গিয়ে কাউকে পাওয়া যায়নি। পরে নোটিস পাঠানো হলেও তা গ্রহণ করা হয়নি। এ অবস্থায় তাদের বাসার সামনে নোটিস ঝুলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

দুদক সূত্রে জানা গেছে, ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১৩ কোটি ৫৯ লাখ ১৮ হাজার ৬০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে মামলা করা হয়। মামলাটির তদন্তকালে তার পরিবারের চার সদস্যের বিরুদ্ধেও আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বিপুল পরিমাণ সম্পদ অর্জনের তথ্যপ্রমাণ পাওয়া যায়।

দুর্জয়ের স্ত্রীসহ ৪ জনের সম্পদের হিসাব চায় দুদক : মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়ের স্ত্রী ফারহানা রহমান হ্যাপিসহ চারজনের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছে দুদক। দুদকের তথ্যানুযায়ী, নাঈমুর রহমান দুর্জয়ের নামে ১ কোটি ২১ লাখ ৮১ হাজার ৭৯০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ২২টি ব্যাংক হিসাবে ৯৩ কোটি ৬৫ লাখ ৯৯ হাজার ৬৫০ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে ২০২৪ সালের ১৮ ডিসেম্বর মামলা করে দুদক।

একই সঙ্গে ঘিওর উপজেলার সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান জনির নামে ৬৯ লাখ ৯৪ হাজার ১৮৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়ায় তার কাছেও সম্পদ বিবরণী দাখিলের নোটিস দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া যুবলীগ নেতা আবুল বাশারের ১৪টি ব্যাংক হিসাবে ২০১০ থেকে ২০২৫ সাল পর্যন্ত মোট ৮৬ কোটি ৮০ লাখ ৪৭ হাজার ৪৪৯ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। এ কারণে তার সম্পদের হিসাবও চাওয়া হচ্ছে। অন্যদিকে সাউথ-বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যান এসএম আমজাদ হোসেনের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সিদ্ধান্তও নিয়েছে কমিশন।

সর্বশেষ সর্বাধিক পঠিত