মঞ্জু সরকার একজন জাত কথাশিল্পী

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ এএম

কথাসাহিত্যিক মঞ্জু সরকারের ৭৩তম জন্মবার্ষিকীতে গ্রন্থোৎসব অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে লেখকের নতুন প্রকাশিত গল্পগ্রন্থ ‘শখের বাগানে সাপ’ ও উপন্যাস ‘নিয়ন্ত্রক’ নিয়ে আলোচনার পাশাপাশি তার সৃষ্টিসম্ভার ও লেখক জীবনের ওপর আলোকপাত করেন আলোচকরা।

লেখক ও গবেষক মফিদুল হক বলেন, মঞ্জু সরকার একজন অসাধারণ ‘স্টোরিটেলার’। তার লেখায় একদিকে প্রান্তিক ও অন্ত্যজ মানুষের জীবন, অন্যদিকে বৃহৎ রাজনৈতিক বাস্তবতা উঠে এসেছে। ‘শখের বাগানে সাপ’ গল্পগ্রন্থের ‘গৃহপালিত গরুর গতিপথ’ ও ‘কুড়ানি বুড়ি’ গল্পের প্রশংসা করে তিনি বলেন, অতি সামান্য ঘটনা ও চরিত্রের মধ্য দিয়ে মঞ্জু সরকার মানুষের গভীর জীবন বাস্তবতা, স্বপ্ন, বেদনা ও সমাজের পরিবর্তন তুলে ধরেছেন। অন্যের জীবনের বেদনা ও বাস্তবতা গভীরভাবে উপলব্ধি করার ক্ষমতাই তার সবচেয়ে বড় শক্তি বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষাবিদ ও লেখক খালেকুজ্জামান ইলিয়াস বলেন, ‘মঞ্জু সরকার একজন অসাধারণ ঔপন্যাসিক। গড়পড়তা লেখক নন জাত কথাশিল্পী। দীর্ঘদিন ধরে লিখলেও তিনি প্রাপ্য প্রচার ও স্বীকৃতি পাননি। সমাজ ও মানুষকে দেখার গভীর দৃষ্টি এবং সমকালীন বিষয়কে সাহিত্যে তুলে ধরার ক্ষমতাই তার বড় শক্তি।’

নিজের অনুভূতি জানাতে গিয়ে মঞ্জু সরকার বলেন, ‘লেখক হিসেবে কিঞ্চিৎ সাফল্য পেয়েছি, কিন্তু একবিংশ শতাব্দীতে এসে নিজেকে একজন ব্যর্থ লেখকও মনে হয়।’ তিনি বলেন, একজন লেখকের সাফল্য নির্ভর করে তার লেখা পাঠকের মনে কতটা স্থায়ী দাগ কাটতে পারে তার ওপর। তবে নিজেকে ‘ব্যর্থ লেখক’ মনে হলেও এতে তিনি হতাশ নন। লেখকের জীবনকে পৌরাণিক চরিত্র সিসিফাসের পাথর ঠেলে পাহাড়ের চূড়ায় তোলার সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘একটা বই ব্যর্থ হলে আবার চেষ্টা করতে হবে। এই চেষ্টার মধ্যেই লেখকের আনন্দ, এই চেষ্টাই তার জীবন, এই চেষ্টাই ভালোবাসা।’

মঞ্জু সরকার বলেন, ‘আমি সামনে আরও ভালো কিছু লেখার চেষ্টা করছি। প্রকাশককে বলেছি, আমার মাস্টারপিস (মওলানা ভাসানীর ওপর বই) সামনে আসছে।’ নিজের লেখালেখির প্রতি এই প্রত্যয় নিয়েই আমৃত্যু লিখে যাওয়ার কথা জানান তিনি।

গতকাল মঙ্গলবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে প্রকাশনা প্রতিষ্ঠান অনুপ্রাণন। এতে আরও বক্তব্য রাখেন লেখক সৈয়দ মুফাদ আহমেদ, কথাসাহিত্যিক নাসিমা আনিস ও চলচ্চিত্রকার গিয়াসউদ্দিন সেলিম। স্বাগত বক্তব্য দেন অনুপ্রাণনের সম্পাদক ও প্রকাশক আবু মোহাম্মদ ইউসুফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কথাসাহিত্যিক মনি হায়দার।

অনুষ্ঠানে মঞ্জু সরকারের হাতে তার প্রতিকৃতি ও সম্মানি চেক তুলে দেন প্রকাশক।

সর্বশেষ সর্বাধিক পঠিত