সিলেটে হামে আরও দুই শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১৫৪

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পিএম

সিলেটে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে এ রোগে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৪ জনে। সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেটে চিকিৎসাধীন অবস্থায় শিশু দুটির মৃত্যু হয়। নিহতদের মধ্যে সিলেট সদরের চার মাস ২০ দিন বয়সি শিশু আয়ান এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং হবিগঞ্জ সদরের এক বছর দুই মাস বয়সি শিশু ইব্রাহিম শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বিভাগে হামের উপসর্গ নিয়ে ৩৯৯ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫৪ জন ভর্তি হয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ল্যাবরেটরি পরীক্ষায় ১ হাজার ৩১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। মোট মৃত ১৫৪ জনের মধ্যে ১০ জনের ল্যাব পরীক্ষায় আনুষ্ঠানিকভাবে হাম শনাক্ত হয়েছিল এবং বাকিরা তীব্র উপসর্গ নিয়ে মারা যায়।

সর্বশেষ সর্বাধিক পঠিত