গৌরীপুর রেলওয়ে জংশন ফুটওভার ব্রিজ ভাঙ্গা, দূর্ভোগে যাত্রীরা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পিএম

ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশনের দীর্ঘদিন ধরে একমাত্র ফুটওভার ব্রিজ অচল অবস্থায় রয়েছে। চার নাম্বার লাইনের পাশ থেকে শুরু থেকে বেশ কয়েকটি সিঁড়ির স্ল্যাব ভেঙ্গে পড়ে আছে। পলেস্তারা খসে পড়ে লোহার রড গেছে, রেলিংএ ধরেছে মরিচা ফলে রেলওয়ে স্টেশনের যাত্রীরা ফুটওভার ব্রিজ ব্যবহার করতে পারছেন না।

বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন এর উপর দিয়ে ট্রেন থাকলে ট্রেনের বগির ফাঁক দিয়েই মালামাল নিয়ে পারাপার হচ্ছেন যাত্রীরা।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে গিয়ে দেখা যায়, প্রতিদিন এ জংশন দিয়ে আন্তঃনগর, মেইল, কমিউটার ও লোকাল মিলিয়ে ২০ ট্রেন (১০ জোড়া) চলাচল করে। স্টেশনে ৬টি লাইন রয়েছে, নতুন লাইনের কাজ ও প্রায় সম্পূর্ণর পথে। ব্যস্ত এই জংশনে ফুটওভার ব্রিজ অকেজো থাকায় যাত্রীদের দুর্ভোগ চরমে। ব্রিজটি বর্তমানে অকেজো অবস্থায় রয়েছে। 

সাবেক কাউন্সিলর আব্দুর রব মুস্তাকিম বলেন, বর্তমানে রেলের ফুটওভার ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ফুটওভার ব্রিজটি সংস্কার করে বা নতুন করে নির্মাণ করে যাত্রীদের চলাচলের জন্য ব্যবস্থা করা হয়।

এ বিষয়ে গৌরীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শফিকুল ইসলাম জানান, কিছুদিন আগে বাংলাদেশ রেলওয়ের নির্বাহী প্রকৌশলী পরিদর্শনে এসে ভাঙ্গা ফুটওভার ব্রিজটি দেখে গেছেন। তিনি কথাও দিয়েছেন নতুন করে ব্রিজ নির্মাণ না হয় সংস্কার ব্যবস্থা করা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত