ময়মনসিংহের মুক্তাগাছায় পরিত্যক্ত একটি ভবন থেকে একটি বিদেশি রিভলবারসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার পয়রাকান্দি ৬ নম্বর ওয়ার্ডে ওয়াপদার একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব-১৪ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সদর কোম্পানির একটি আভিযানিক দল ওই পরিত্যক্ত ভবনে বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় ভবনটির ভেতরে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার, একটি সুইচ গিয়ার চাকু, একটি ক্রিজ, একটি হ্যাকসো ব্লেড ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামতের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সেগুলো মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।