ডেঙ্গুতে এক দিনে মৃত্যু আরও ৫

১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩৮ হাজার ২৭০ জন। এর মধ্যে মারা গেছেন ১০৭ জন।

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পিএম

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে  ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১০৭ জনের মৃত্যু হয়েছে। 

বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৪০ জন, বরিশাল বিভাগে ১১০ জন, চট্টগ্রাম বিভাগে ১৭৫ জন, খুলনা বিভাগে ১৯০ জন, ময়মনসিংহ বিভাগের ৬৫ জন, রাজশাহী বিভাগের ৯১ জন, সিলেট বিভাগের ৭ জন এবং রংপুর বিভাগের ৩২ জন রোগী রয়েছেন। 

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ১১০ জন ভর্তি হয়েছেন। একই সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুজন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩৮ হাজার ২৭০ জন। এর মধ্যে মারা গেছেন ১০৭ জন।

মৃত্যুর হিসাবে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। সেখানে ডেঙ্গুতে মারা গেছেন ৩৬ জন। খুলনা বিভাগে ২০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৫ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন, বরিশালে ৯ জন এবং চট্টগ্রামে ৭ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া রাজশাহী বিভাগে চারজন, ঢাকা দুই সিটি করপোরেশনের বাইরে বিভাগের অন্যান্য এলাকায় তিনজন এবং রংপুর ও সিলেটে একজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ১৪১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ১৩৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে জেলার অন্যান্য এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ২৯৮ জন।

বিভাগভিত্তিক হিসাবে, বরিশালে ১২১ জন, চট্টগ্রামে ১৩৯ জন, খুলনায় ২৪৬ জন, ময়মনসিংহে ৮৭ জন, রাজশাহীতে ১১৪ জন, রংপুরে ৩৪ জন এবং সিলেটে পাঁচজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরে মাসভিত্তিক হিসাবে আগস্টে ডেঙ্গুর সংক্রমণ ছিল সবচেয়ে বেশি। এ মাসে ২০ হাজার ৫৩৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। একই মাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৪৩ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হিসাব সংরক্ষণ করছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে ডেঙ্গুর ভয়াবহতা ছিল সবচেয়ে বেশি। ওই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হন। একই বছর ডেঙ্গুতে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

অন্যদিকে, গত বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। ওই বছর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ২ হাজার।

সর্বশেষ সর্বাধিক পঠিত