ফার্ষ্ট ক্লাস ক্রিকেটে এতোদিন তামিম ইকবালের ২০২০ সালের এনসিএলে করা ৩৩৪ নটআউট ছিল সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। তাওহীদ হৃদয় আজ সেই ইনিংসকে ছাপিয়ে বাংলাদেশি ব্যাটারদের স্কোরকে দিয়েছেন নতুন উচ্চতা। পচেফস্ট্রুমে চার দিনের ম্যাচে ৩৫০ রান করে তবেই থেমেছেন এই ডান হাতি ব্যাটার। এই ইউনিক স্কোরে পৌছানোর পরপরই ৬৭৬ রানের মাথায় ইনিংস শেষ করার ইঙ্গিত দেন তিনি।
গতকাল তৃতীয় দিনের সন্ধ্যায় সাইফউদ্দিন আউট হওয়ার পর খেলা শেষ হয়। হাতে থাকা ৪ উইকেট নিয়ে আজ শেষ দিনের খেলা শুরু করে বাংলাদেশ ‘এ’ দল। সকাল সকালেই ২ উইকেট হারিয়ে ফেলে তারা। অষ্টম উইকেট যখন পড়ে, হৃদয়ের রান তখন ২২৫।
সেখান থেকে তাকে দুর্দান্ত সঙ্গ দেন পেসার রেজাউর রহমান রাজা। তাকে নিয়েই ইনিংসের ইতি টেনেছেন হৃদয়। প্রথম ইনিংসে ৮ উইকেটে ৬৭৬ রান করে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। ৩৮১ বল খেলা হৃদয় ৩৫০ রান আর ১১০ বল খেলা রেজাউর ৩১ রানে অপরাজিত থাকেন।
১৬৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করেছে নামবে দক্ষিণ আফ্রিকা। তবু বাংলাদেশের অবশ্য জয়ের সম্ভাবনা তেমন নেই। কারণ দক্ষিণ আফ্রিকাকে অলআউট করার জন্য হাতে পুরো এক সেশনও নেই বোলারদের।