আত্মপ্রকাশ করছে বাংলাদেশ ফিল্ম সোসাইটিজ ফেডারেশন 

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পিএম

দেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ ফিল্ম সোসাইটিজ ফেডারেশন (বি.এফ.এস.এফ)। বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) আয়োজিত প্রস্তুতিমুলক সভায় বক্তারা বলেন, চলচ্চিত্রকে কেবল বিনোদনের মাধ্যম হিসেবে নয়, বরং শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও সমাজ পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম হিসেবে মানুষের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরতে কাজ করবে বাংলাদেশ ফিল্ম সোসাইটিজ ফেডারেশন। একই সঙ্গে দেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের দীর্ঘদিনের ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ ও নতুন প্রজন্মের কাছে এর গুরুত্ব তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে। 

বক্তারা আরও বলেন, ফেডারেশনের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত চলচ্চিত্র সংসদগুলোর মধ্যে একটি কার্যকর যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করা হবে। আয়োজন করা হবে চলচ্চিত্র প্রদর্শনী, চলচ্চিত্র উৎসব, কর্মশালা, সেমিনার, আলোচনা সভা ও প্রশিক্ষণমূলক নানা কার্যক্রম। পাশাপাশি বিশ্বমানের চলচ্চিত্র সম্পর্কে দর্শকদের আগ্রহ সৃষ্টি, বিকল্পধারার ও সৃজনশীল চলচ্চিত্রের দর্শক তৈরি এবং তরুণ প্রজন্মকে চলচ্চিত্রচর্চায় সম্পৃক্ত করার বিষয়টিও গুরুত্ব পাবে।সংশ্লিষ্টদের মতে, দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে চলচ্চিত্র সংসদগুলো নিজস্ব উদ্যোগে চলচ্চিত্রচর্চা ও সাংস্কৃতিক আন্দোলন পরিচালনা করে আসছে। এসব সংগঠনকে একটি অভিন্ন ছাতার নিচে এনে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে চলচ্চিত্র সংসদ আন্দোলনকে আরও শক্তিশালী করতেই বাংলাদেশ ফিল্ম সোসাইটিজ ফেডারেশন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। 

ফেডারেশনের নেতৃবৃন্দ আশা করছেন, দেশের চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বাংলাদেশ ফিল্ম সোসাইটিজ ফেডারেশন। চলচ্চিত্র সংসদভিত্তিক সুস্থ ও সৃজনশীল সংস্কৃতিচর্চার প্রসারে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেছেন। প্রস্তুতিমূলক অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে  ঢাকা ফিল্ম ক্লাবের সাধারণ সম্পাদক ও চলচ্চিত্র প্রযোজক বড়ুয়া মনোজিত ধীমনকে আহবায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র কল্যাণ সোসাইটির সভাপতি সায়মন তারিককে সদস্য সচিব করে ৭ (সাত) সদস্যদের আহবায়ক কমিটি গঠন করা হয়। 

আহবায়ক বড়ুয়া মনোজিত ধীমন বলেন, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা চলচ্চিত্র সংসদ ও চলচ্চিত্রপ্রেমী সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ, সমন্বয় এবং ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে একটি শক্তিশালী জাতীয় প্ল্যাটফর্ম গড়ে তোলাই নবগঠিত এই ফেডারেশনের অন্যতম লক্ষ্য। তিনি বলেন, শিগগিরই বর্নাঢ্য আনুষ্ঠানিকতার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা চলচ্চিত্র সংসদগুলোর অংশগ্রহণে বাংলাদেশ ফিল্ম সোসাইটিজ ফেডারেশন (বি.এফ.এস.এফ) এর অভিষেক ঘটবে এবং ফেডারেশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত ঘোষণা করা হবে। 

এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন চলচ্চিত্র সংসদের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও চলচ্চিত্র বোদ্ধারা।

সর্বশেষ সর্বাধিক পঠিত