কয়লা পরিবহন ব্যাহত, গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে কমেছে উৎপাদন

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পিএম

ভারতের রেলপথে কয়লা পরিবহন ব্যাহত হওয়ায় ঝাড়খণ্ডের গোড্ডায় আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি সরবরাহ কমে গেছে। এতে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন সাময়িকভাবে কমিয়ে আনতে হয়েছে। গোড্ডা কেন্দ্রের বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ হওয়ায় কয়লা পরিবহনের এই বিঘ্ন অব্যাহত থাকলে দেশের বিদ্যুৎ সরবরাহেও প্রভাব পড়তে পারে।

আদানি পাওয়ার জানিয়েছে, রেলপথে তীব্র যানজট এবং কয়লা লোডিংয়ে একাধিক বিধিনিষেধের কারণে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে স্বাভাবিকের তুলনায় কম কয়লা পৌঁছাচ্ছে। ফলে কেন্দ্রটির উৎপাদন ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি সাময়িকভাবে সমন্বয় করা হচ্ছে।

কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, সন্ধ্যার সর্বোচ্চ চাহিদার সময়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ যতটা সম্ভব স্বাভাবিক রাখতে দিনের অফ-পিক সময়ে সরবরাহ কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে। সীমিত কয়লা মজুতকে সর্বোচ্চ চাহিদার সময়ে কাজে লাগাতেই এ কৌশল নেওয়া হয়েছে।

বর্তমান পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি) অবহিত করা হয়েছে। পাশাপাশি স্বাভাবিক রেল রেকের সরবরাহ দ্রুত নিশ্চিত করতে ভারতীয় রেলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে আদানি পাওয়ার।

কোম্পানিটি আশা করছে, রেলপথে কয়লা পরিবহনের প্রতিবন্ধকতা শিগগিরই দূর হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গোড্ডা কেন্দ্রে সর্বোচ্চ পরিমাণ কয়লা সরবরাহ নিশ্চিত করা এবং বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে সম্ভাব্য প্রভাব কমিয়ে রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গোড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ সরাসরি বাংলাদেশে সরবরাহ করা হয়। তাই কেন্দ্রটির কয়লা সরবরাহ কমে গেলে উৎপাদন সক্ষমতা কমার পাশাপাশি বাংলাদেশের জাতীয় গ্রিডেও বাড়তি চাপ তৈরি হতে পারে। বিশেষ করে দেশের বিদ্যুতের চাহিদা যখন সর্বোচ্চ পর্যায়ে থাকে, তখন উৎপাদন কমে যাওয়ার প্রভাব আরও স্পষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

তবে আদানি পাওয়ারের ভাষ্য, এটি সাময়িক সমস্যা। রেল রেকের স্বাভাবিক সরবরাহ ফিরলে কয়লা পরিবহন বাড়বে এবং গোড্ডা কেন্দ্রের উৎপাদনও স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে।

দেশে সাম্প্রতিক বিদ্যুৎ সংকটের মধ্যে গোড্ডা কেন্দ্রের উৎপাদন কমে যাওয়ায় পরিস্থিতির ওপর নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এখন রেলপথে কয়লা পরিবহন স্বাভাবিক হওয়া এবং কেন্দ্রটির উৎপাদন পূর্ণ সক্ষমতায় ফেরার ওপরই বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির একটি অংশ নির্ভর করছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত